পুবের কলম, ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশ পুলিশের বেআইনি আটক এবং বারবার থানার সিসিটিভি ফুটেজ পেশ করতে ব্যর্থ হওয়ার ঘটনায় চরম অসন্তোষ প্রকাশ করল এলাহাবাদ হাইকোর্ট। রাজ্যে নাগরিকদের ব্যক্তিগত ও মৌলিক স্বাধীনতার বর্তমান পরিস্থিতিকে “কম করে বললেও অত্যন্ত লজ্জাজনক” বলে আখ্যা দিয়েছে আদালত।

আফজাল আহমেদ নামক এক ব্যক্তির দায়ের করা হেবিয়াস কর্পাস রিট পিটিশনের শুনানি চলাকালীন এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি অতুল শ্রীধরণ এবং বিচারপতি অচল সচদেবের ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণ করে যে, নাগরিকদের মৌলিক অধিকার ও নাগরিক স্বাধীনতার প্রতি উত্তরপ্রদেশ পুলিশের বিন্দুমাত্র শ্রদ্ধা বা তোয়াক্কা নেই।

মামলার বিবরণ অনুযায়ী, গত ৫ সেপ্টেম্বর ২০২৬-এ বিজনোর থানার পুলিশ আফজাল আহমেদকে আটক করলেও দু'দিন পর অর্থাৎ ৭ সেপ্টেম্বর তাঁকে আনুষ্ঠানিকভাবে ‘গ্রেপ্তার’ দেখানো হয়। আফজালের কন্যা আদালতে জমা দেওয়া পিটিশনে জানান, পুলিশের একটি ফোন পেয়ে তিনি ও তাঁর বাবা ৫ সেপ্টেম্বর দুপুর ২টো ৩০ মিনিট নাগাদ বিজনোর থানার উদ্দেশ্যে যান।

গাড়িতে বসে যখন তাঁরা ওসির সঙ্গে কথা বলছিলেন, ঠিক সেই সময় সাধারণ পোশাকে থাকা এসওজি ও পুলিশ কর্মীরা অন্য একটি গাড়িতে এসে তাঁদের ঘিরে ফেলে এবং আফজাল আহমেদকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। দীর্ঘ সময় নিখোঁজ ও অনআইনি আটকে রাখার পর অবশেষে দু'দিন পর পুলিশি খাতায় গ্রেপ্তারির নথি তৈরি হয়।

ঘটনাক্রম যাচাই করতে হাইকোর্ট রাজ্য প্রশাসনকে ৫ সেপ্টেম্বর দুপুর ১টা থেকে ৭ সেপ্টেম্বর সকাল ১০টা পর্যন্ত বিজনোর থানার সমস্ত সিসিটিভি ফুটেজ আদালতে পেশের নির্দেশ দিয়েছিল। কিন্তু শুনানির দিন রাজ্য সরকারের তরফে জানানো হয় যে, নির্দিষ্ট সেই সময়সীমার কোনো ভিডিও রেকর্ডিং পাওয়া যায়নি। ঘটনার সমর্থনে পুলিশ একটি জেনারেল ডায়েরি পেশ করে দাবি করে যে, ৫ সেপ্টেম্বর হঠাৎ বজ্রপাত ও বৃষ্টির ফলে ল্যান কেবলের মাধ্যমে জল ঢুকে থানার সিসিটিভি সিস্টেম বিকল হয়ে গিয়েছিল।