পুবের কলম, ওয়েবডেস্ক: দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা যাতে আর্থিক অনটনের কারণে আইন পেশায় নিজেদের ভবিষ্যৎ গঠন থেকে পিছিয়ে না পড়েন, তার জন্য বিশেষ আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিলেন ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত। বৃহস্পতিবার ও শুক্রবার দিল্লিতে আয়োজিত একাধিক পৃথক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি স্পষ্ট জানান, ল পড়ার সময় থেকে শুরু করে কর্মজীবনের প্রথম তিন থেকে পাঁচ বছরের কঠিন লড়াইয়ের সময়টায় নবীন আইনজীবীদের পাশে দাঁড়ানো প্রবীণদের দায়িত্ব ও কর্তব্য।

দিল্লির ভারত মণ্ডপমে “ভারতরত্ন ড. বি. আর. আম্বেদকরের জীবন, সংগ্রাম ও সাংবিধানিক ঐতিহ্য” শীর্ষক প্রথম জাতীয় সম্মেলনে যোগ দিয়ে প্রধান বিচারপতি এই বারাত দেন। ভারত মণ্ডপমের অনুষ্ঠানে উপস্থিত সকলের উদ্দেশ্যে সিজেআই সূর্য কান্ত বলেন, বাৎসরিক সম্মেলন বা আলোচনা সভা আয়োজনের পাশাপাশি সমাজের দরিদ্র পরিবারের সন্তান, যারা আইন বিষয়ে নিজেদের ক্যারিয়ার গড়তে চায়, তাদের চিহ্নিত করা অত্যন্ত জরুরি।

তিনি আরও যোগ করেন, "আইন পড়ার সময়ে তরুণ পড়ুয়াদের আর্থিক সহায়তা দেওয়া আমাদের কর্তব্য। তারা যেন পাস করে সফলভাবে বেরিয়ে আসতে পারে এবং পেশাগত জীবনের প্রথম ৩ থেকে ৫ বছরের প্রাথমিক ধাক্কা সামলে নিজেদের জায়গা তৈরি করে নিতে পারে, সেই জন্য এই আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া প্রয়োজন।"

তিনি বলেন, একজন সাধারণ মানুষ প্রথমবার বিচার ব্যবস্থার মুখোমুখি হন জেলা আদালতেই। তিনি সেখানে অনেক আশঙ্কা ও সংশয় নিয়ে সুবিচারের আশায় আসেন, তাই তাঁকে সঠিকভাবে নির্দেশ ও আইনি সহায়তা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।