উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় : বাঙালির অন্যতম উৎসব দীপাবলি আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। উৎসবের মরশুমে নিষিদ্ধ বাজির বিক্রি ও ব্যবহার রুখতে তৎপর পুলিশ। সেই তৎপরতার মধ্যেই জয়নগরে অভিযান চালিয়ে উদ্ধার হল নিষিদ্ধ বাজি। এই ঘটনায় বাজি বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জয়নগর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে নিষিদ্ধ বাজি বিক্রির খবর পেয়ে জয়নগর থানার আইসি অমিত হালদারের নির্দেশে বৃহস্পতিবার রাতে অভিযান চালানো হয়। এসআই শান্তনু ব্যাধ ও এসআই সত্যজিৎ সাহার নেতৃত্বে পুলিশের একটি দল জয়নগর মজিলপুর পৌরসভার মিত্রগঞ্জ বাজার এলাকায় অভিযান চালায়। সেখান থেকেই উদ্ধার হয় নিষিদ্ধ বাজি।এই ঘটনায় কার্তিক সরদার (২০) নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বাড়ি ক্যানিং থানার কুলাখুরানি আমতলা এলাকায়। শুক্রবার ধৃতকে জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়।উদ্ধার হওয়া নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করেছে পুলিশ। উৎসবের আগে নিষিদ্ধ বাজির কারবার রুখতে এলাকায় নজরদারি আরও জোরদার করা হচ্ছে বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ।