পুবের কলম, ওয়েবডেস্ক: ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশন (আইএফএফ) এবং সফটওয়্যার ফ্রিডম ল সেন্টার (এসএফএলসি)-এর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ও হ্যান্ডেলগুলি ব্লক করার জন্য যে নির্দেশ দেওয়া হয়েছিল, তা আদতে দিল্লি পুলিশের পাঠানো কোনো নির্দেশ ছিল না। বরং কোনো প্রতারক ভুয়া নোটিস পাঠিয়ে এই কাণ্ড ঘটিয়েছিল বলে দিল্লি হাইকোর্টকে জানিয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’। শুধু তাই নয়, এই ভুয়া নোটিস পাঠানোর ঘটনায় পুলিশের কাছে একটি অভিযোগও দায়ের করা হয়েছে বলে জানিয়েছে মাইক্রোব্লগিং সাইটটি।
আরও পড়ুন:
আইএফএফ ও এসএফএলসি-এর করা পৃথক মামলার শুনানিতে বিচারপতি অমিত মহাজনের বেঞ্চে এই তথ্য পেশ করে এক্স কর্তৃপক্ষ। তবে হাই কোর্টে প্ল্যাটফর্মের আইনজীবী স্পষ্ট আশ্বাস দিয়েছেন যে, এই মুহূর্তে আইএফএফ এবং এসএফএলসি-র সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি ব্লক করা হবে না।
আরও পড়ুন:
এর আগে গত মঙ্গলবার আইএফএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছিল যে, দিল্লি পুলিশের নামে গত ৩ নভেম্বর তাঁদের কাছে দুটি নোটিসের কপি এসে পৌঁছায়। সেই নোটিসগুলিতে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানানো হয়েছিল, অন্যথায় আদালতের দ্বারস্থ হওয়ার হুমকিও দেওয়া হয়েছিল।
আরও পড়ুন:
অভিযুক্ত ভুয়া নোটিসগুলিতে আইএফএফ, এসএফএলসি এবং ‘জিও ব্লকড ইন ইন্ডিয়া’-র অ্যাকাউন্ট সহ মোট ৩৭টি পোস্ট এবং অন্যান্য ১৬ জন ব্যবহারকারীর মন্তব্য সরিয়ে ফেলার দাবি জানানো হয়েছিল। আইএফএফ ও এসএফএলসি-র পক্ষে আদালতে সওয়াল করেন বরিষ্ঠ আইনজীবী অখিল সিবাল। তিনি শুনানিতে এক্স-এর স্বচ্ছতা প্রতিবেদন এবং আরএসএস-এর পাঠানো আইনি নোটিসের প্রসঙ্গ আদালতে তুলে ধরেন।