পুবের কলম, নয়াদিল্লি: প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন তিন সদস্যের সুপ্রিম কলেজিয়াম দেশের চার হাই কোর্টে নতুন প্রধান বিচারপতি নিয়োগের জন্য কেন্দ্রের কাছে সুপারিশ পাঠিয়েছে। সোমবার অনুষ্ঠিত কলেজিয়ামের বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধান বিচারপতি সূর্য কান্ত ছাড়াও এই কলেজিয়াম কমিটিতে সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি বি ভি নাগরত্না। 
 
সুপ্রিম কোর্টের কলেজিয়ামের প্রকাশিত তালিকা অনুযায়ী, তেলেঙ্গানা হাই কোর্টের বিচারপতি পি স্যাম কোশিকে দিল্লি হাই কোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

বর্তমানে গুজরাট হাই কোর্টেই কর্মরত বিচারপতি মানস রঞ্জন পাঠককে ওই একই হাই কোর্টের প্রধান বিচারপতি করার প্রস্তাব দেওয়া হয়েছে। কলকাতা হাই কোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তীকে তেলেঙ্গানা হাই কোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের সুপারিশ করেছে কলেজিয়াম। পাটনা হাই কোর্টের বিচারপতি সুধীর সিংকে উত্তরাখণ্ড হাই কোর্টের প্রধান বিচারপতি পদে দায়িত্ব দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
 
সংবিধানের বিধান অনুযায়ী, সুপ্রিম কোর্টের কলেজিয়ামের এই সুপারিশগুলি এখন অনুমোদনের জন্য কেন্দ্রীয় আইন মন্ত্রকের কাছে পাঠানো হবে। কেন্দ্র সরকারের সবুজ সংকেত মিললেই রাষ্ট্রপতি ভবনের আনুষ্ঠানিক প্রজ্ঞাপনের মাধ্যমে এই চার বিচারপতি দেশের সংশ্লিষ্ট উচ্চ আদালতগুলিতে প্রধান বিচারপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন।