পুবের কলম, মু্ম্বাই: কারারুদ্ধ মানবাধিকার কর্মী ও দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) প্রাক্তন ছাত্র নেতা উমর খালিদের লেখা বই নিজেদের লাইব্রেরি থেকে সরিয়ে নিল 'ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ' পুনে। বইটি লাইব্রেরিতে থাকলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে—এমন আশঙ্কা থেকেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, বইটি মূলত জেএনইউ-তে উমর খালিদের পিএইচডি গবেষণাপত্রের ওপর ভিত্তি করে রচিত। এতে ব্রিটিশ শাসনকালে ঝাড়খণ্ডের সিংভূম অঞ্চলের আদিবাসী সম্প্রদায়ের ইতিহাস, সমাজ এবং ক্ষমতার রাজনীতির বিভিন্ন দিক বস্তুনিষ্ঠভাবে তুলে ধরা হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় আইআইএসইআর-এর লাইব্রেরিতে বইটির উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলে একটি পোস্ট ভাইরাল হওয়ার পরেই বিতর্কের সূচনা হয়। বিষয়টিতে তীব্র অসন্তোষ প্রকাশ করেন আইআইএসইআর পুনে-র ‘বোর্ড অব গভর্নরস’-এর চেয়ারম্যান মদভূষি মদন গোপাল। তিনি নিশ্চিত করেছেন, বিতর্ক এড়াতে বইটি লাইব্রেরি থেকে সরিয়ে ফেলা হয়েছে। পাশাপাশি, কার বা কাদের অনুমোদনে এই বইটি লাইব্রেরির ক্যাটালগে অন্তর্ভুক্ত করা হয়েছিল, তা খতিয়ে দেখে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কড়া প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি।