অবশেষে প্রকাশিত হল কর্নাটকের চূড়ান্ত ভোটার তালিকা। বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া শেষে তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ৯৯ লক্ষ ৩২ হাজার ভোটারের নাম। তবে খসড়া তালিকা প্রকাশের পর নতুন করে ৮ লক্ষ ৬৪ হাজার ভোটারের নাম যুক্ত হয়েছে। মঙ্গলবার, ২৭ অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়।

গত ৩০ জুন কর্নাটকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু হয়েছিল।

এর আগে প্রকাশিত খসড়া তালিকায় প্রায় ১ কোটি ৭ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছিল। চূড়ান্ত তালিকা অনুযায়ী, বর্তমানে রাজ্যে মোট ভোটারের সংখ্যা ৪ কোটি ৫৫ লক্ষ ১১ জন। সংশোধন প্রক্রিয়া শুরুর আগে এই সংখ্যা ছিল ৫ কোটি ৫৪ লক্ষ ৩২ হাজার ৩১৪।

চূড়ান্ত তালিকায় পুরুষ ভোটারের সংখ্যা প্রায় ২ কোটি ২৫ লক্ষ। মহিলা ভোটারের সংখ্যা পুরুষদের তুলনায় প্রায় ৪ লক্ষ বেশি।

তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ হাজার ৮৪১ জন।

নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনী এলাকাভিত্তিক চূড়ান্ত ভোটার তালিকা কর্নাটকের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে পাওয়া যাবে। পাশাপাশি নির্বাচন কমিশনের ভোটার অনুসন্ধান পোর্টালের মাধ্যমেও ভোটাররা তালিকায় নিজেদের নাম রয়েছে কি না, তা যাচাই করতে পারবেন।

গত আগস্টে SIR প্রক্রিয়ার প্রথম ধাপ শেষে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল। এনুমারেশন ফর্ম জমা ও যাচাইয়ের পর বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়ায় রাজ্যজুড়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়।

বহু বৈধ ভোটারের নাম কোনও কারণ ছাড়াই বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছিল বিরোধীরা। যাচাইকরণ প্রক্রিয়া ২৪ আগস্ট শুরু হয়ে ২২ অক্টোবর পর্যন্ত চলে। এরপর ২৭ অক্টোবর প্রকাশিত হল চূড়ান্ত তালিকা। এবার চূড়ান্ত তালিকা প্রকাশের পর বিরোধীরা কী প্রতিক্রিয়া জানায় সেটাই দেখার। 

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গেও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। গত বছর প্রকাশিত খসড়া তালিকায় প্রায় ৫৮ লক্ষ ২০ হাজার ভোটারের নাম ছিল না বলে জানা যায়, যা মোট ভোটারের প্রায় ৭.৬ শতাংশ।