পুবের কলম, ওয়েবডেস্ক: আম আদমি পার্টির (আপ) অন্দরে ফাটল এবার প্রকাশ্যে। রাজ্যসভায় দলের ডেপুটি লিডারের পদ থেকে সরিয়ে দেওয়ার পর দলীয় নেতৃত্বের বিরুদ্ধে সরাসরি তোপ দাগলেন তরুণ সাংসদ রাঘব চড্ডা। অরবিন্দ কেজরিওয়ালদের উদ্দেশে তাঁর প্রশ্ন— কেন তাঁকে সংসদে বলতে বাধা দেওয়া হচ্ছে? পাল্টা জবাবে রাঘবকে ‘পলাতক’ বলে কটাক্ষ করেছে দল।
বৃহস্পতিবারই রাজ্যসভার সচিবালয়কে একটি চিঠি দেয় আপ নেতৃত্ব। সেখানে জানানো হয়, রাঘব চড্ডাকে ডেপুটি দলনেতার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। শুধু তা-ই নয়, চিঠিতে স্পষ্ট জানানো হয় যে, অধিবেশনে বক্তব্য রাখার জন্য দলের কোটা থেকে রাঘবকে যেন আর সময় বরাদ্দ না করা হয়। এই নির্দেশ দ্রুত কার্যকর করারও আর্জি জানানো হয়েছে।
দলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে শুক্রবার একটি ভিডিও বার্তায় সরব হন রাঘব চড্ডা। ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, “আপ নেতৃত্ব রাজ্যসভাকে বলেছে আমায় যেন আর বলতে না দেওয়া হয়। কিন্তু কেন? আমি তো বরাবর সাধারণ মানুষের সমস্যার কথাই বলেছি। বিমানবন্দরের মহার্ঘ খাবার থেকে শুরু করে গিগ কর্মীদের সমস্যা কিংবা ব্যাঙ্কের ইস্যু— প্রতিটি বিষয়ে আমি সাধারণ মানুষের হয়ে আওয়াজ তুলেছি। এতে আম আদমি পার্টির কী ক্ষতি হলো?”