পুবের কলম, ওয়েবডেস্ক: রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে সরানোর পর সরব হলেন রাঘব চাড্ডা। তিনি সরাসরি আক্রমণ শানালেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল-এর বিরুদ্ধে। তবে তাঁর এই ‘বিদ্রোহী’ অবস্থানের জবাবে পাল্টা কড়া বার্তা দিল আম আদমি পার্টি। দলের জাতীয় মিডিয়া প্রধান অনুরাগ ধান্ডা স্পষ্টভাবে দাবি করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র বিরুদ্ধে মুখ খুলতে ভয় পাওয়ার কারণেই রাঘবকে পদ থেকে সরানো হয়েছে।
তাঁর কথায়, “যে নেতা দেশের গুরুত্বপূর্ণ ইস্যুতে মুখ খুলতে ভয় পায়, সে কীভাবে মানুষের জন্য লড়বে?”অন্যদিকে, নিজের অবস্থান ব্যাখ্যা করে রাঘব বলেন, তিনি সাধারণ মানুষের কথা বলার জন্যই পরিচিত। তাঁর প্রশ্ন, “মানুষের কথা বলা কি অপরাধ? কেন আমার কণ্ঠরোধ করা হচ্ছে?” তিনি আরও জানান, তাঁকে হয়তো চুপ করানো যেতে পারে, কিন্তু মানুষের পাশে থাকা থেকে তাঁকে সরানো যাবে না।
দলীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েক মাস ধরেই রাঘবের সঙ্গে নেতৃত্বের দূরত্ব বাড়ছিল। সেই পরিস্থিতিতেই তাঁকে ডেপুটি লিডার পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেয় দল। এমনকি সংসদে দলের বরাদ্দ সময়েও তাঁকে বক্তব্য রাখতে না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘটনাকে ঘিরে আপের অন্দরে মতবিরোধ প্রকাশ্যে চলে এসেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।