পুবের কলম, ওয়েবডেস্ক: পঞ্জাবের নির্বাচনী তালিকা থেকে লাখ লাখ ভোটারের নাম বাদ দেওয়ার জন্য বিজেপি গভীর ষড়যন্ত্র করছে বলে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন আম আদমি পার্টির নেতা মনীশ সিসোদিয়া। মঙ্গলবার দলের ওয়ার্কিং কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সিসোদিয়া স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, ২০২৭ সালের পঞ্জাব বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে বিজেপি এই নতুন রাজনৈতিক কৌশল নিয়েছে। তবে আম আদমি পার্টি পঞ্জাবের একজন নাগরিকেরও ভোট কাটতে দেবে না।
আরও পড়ুন:
আম আদমি পার্টির পক্ষ থেকে জারি করা একটি বিবৃতিতে জানানো হয়েছে, মঙ্গলবারের এই বৈঠকের মূল এজেন্ডাই ছিল ভোটার তালিকার ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) বা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভোট কাটার বেআইনি চেষ্টাকে রুখে দেওয়া।
এই বৈঠকে মনীশ সিসোদিয়া ছাড়াও পঞ্জাব সরকারের ক্যাবিনেট মন্ত্রী, বিধায়ক, জেলা সভাপতি, নির্বাচনী এলাকার ইন-চার্জ এবং দলের যুব ও যুব-বাণিজ্য শাখার পদাধিকারীরা উপস্থিত ছিলেন।আরও পড়ুন:
দলের কর্মীদের উদ্দেশ্যে মনীশ সিসোদিয়া বলেন, “আগে বিজেপি ইডি এবং সিবিআইয়ের অভিযানের মাধ্যমে বিরোধী নেতাদের কণ্ঠরোধ করার চেষ্টা করেছিল, আর এখন তারা সরাসরি মানুষের ভোট ডিলিট করার পরিকল্পনা করছে। লাখ লাখ পঞ্জাবি ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়ার প্রস্তুতি চলছে।” আপ এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে জানিয়ে তিনি বলেন, বুথ স্তর থেকে শুরু করে রাজ্য স্তর পর্যন্ত প্রতিটি ধাপে কড়া নজরদারি চালানো হবে।
সিসোদিয়ার কথায়, “আপ-এর ভলান্টিয়ার, নেতা, বিধায়ক এবং মন্ত্রীরা প্রতিটি ভোট রক্ষা করতে ময়দানে নামবেন। কোনও পঞ্জাবির সাথে অন্যায় হতে দেওয়া হবে না। যদি কারও ভোট কাটার চেষ্টা করা হয়, তবে আপ তার তীব্র প্রতিরোধ করবে।”আরও পড়ুন:
বিজেপিকে সরাসরি ‘পঞ্জাব-বিরোধী’ বলে তীব্র আক্রমণ শানান সিসোদিয়া। তিনি অভিযোগ করেন, গেরুয়া দল দীর্ঘ দিন ধরেই পঞ্জাবের সম্পদ এবং প্রতিষ্ঠানগুলিকে ‘দখল’ করার নীতি নিয়ে কাজ করছে। চণ্ডীগড়, ভাকরা বাঁধ এবং পঞ্জাব ইউনিভার্সিটির ওপর নিজেদের কর্তৃত্ব বাড়ানোর যে চেষ্টা বিজেপি এতদিন ধরে করছিল, এখন ভোটার তালিকা সংশোধনকে হাতিয়ার করে তারা পঞ্জাবের রাজনৈতিক ক্ষমতা খর্ব করতে চাইছে।