পুবের কলম ওয়েব ডেস্ক: দীপাবলির প্রাক্কালে রাজ্যবাসীর জন্য বিশেষ উপহার হিসেবে সাঁতরাগাছি থেকে সরাসরি রাজস্থানের জয়পুর পর্যন্ত নতুন ট্রেন পরিষেবা চালু হল। সোমবার ভারচুয়ালি এই সাঁতরাগাছি-খাতিপুরা ট্রেনের যাত্রাসূচনা করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রেলমন্ত্রী এদিন জানান, আগে জয়পুরের ট্রেন ধরতে কলকাতার যাত্রীদের খড়গপুর পর্যন্ত যেতে হত।

কিন্তু এখন সাঁতরাগাছি থেকেই সরাসরি রাজস্থান যাওয়ার সুবিধা মিলবে।
দক্ষিণ-পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, ১৬ কামরার এলএইচবি কোচ বিশিষ্ট এই ট্রেনে ৮টি স্লিপার, ১টি থ্রি এসি এবং ৩টি থ্রি এসি ইকোনমি কামরা থাকছে। প্রতি বুধবার দুপুর ২টো ১৫ মিনিটে সাঁতরাগাছি থেকে ছেড়ে বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ ট্রেনটি জয়পুর সংলগ্ন খাতিপুরা স্টেশনে পৌঁছবে। ফিরতি পথে শুক্রবার সকাল ৯টা ২০ মিনিটে জয়পুর থেকে রওনা দিয়ে শনিবার সন্ধে ৭টা ৪৫ মিনিটে ট্রেনটি সাঁতরাগাছিতে ফিরে আসবে।
যাত্রাপথে খড়গপুর, টাটানগর, পুরুলিয়া, রাঁচি, সাসারাম, প্রয়াগরাজ, কানপুর সেন্ট্রাল এবং আগ্রার মতো একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে এই ট্রেনটি দাঁড়াবে।
এদিনের উদ্বোধনী মঞ্চ থেকে রেলমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি কলকাতায় কাজ শেষ হওয়া মেট্রো প্রকল্পগুলি দ্রুত উদ্বোধনের জন্য তিনি রেলমন্ত্রীর কাছে আবেদন জানান। মুখ্যমন্ত্রী জানান, আসন্ন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, প্রবাসী ভারতীয়দের সম্মেলন এবং ওয়ার্ল্ড এনার্জি সপ্তাহের আগেই এই মেট্রো পরিষেবা চালু হওয়া প্রয়োজন। প্রাক্তন তৃণমূল সরকারকে ‘তুষ্টিকরণ, ভ্রষ্টাচার ও পরিবারবাদ’-এর সরকার বলে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, পূর্বতন সরকারের আমলে আটকে থাকা চিংড়িঘাটা মেট্রোর কাজ বর্তমান রাজ্য সরকার যুদ্ধকালীন তৎপরতায় সম্পন্ন করেছে। সবশেষে, সাধারণ পুণ্যার্থীদের যাতায়াতের সুবিধার্থে গঙ্গাসাগর পর্যন্ত সরাসরি রেলপথ চালুর বিষয়েও রেলমন্ত্রীর কাছে বিশেষ আর্জি জানান মুখ্যমন্ত্রী।