পুবের কলম ওয়েব ডেস্ক: রাজ্যের স্কুল শিক্ষায় ফের পাশ-ফেল প্রথা ফিরিয়ে আনার বিষয়ে বড়সড় ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুরের রামনগরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, এই বিষয়ে সিলেবাস কমিটির সুপারিশই মেনে চলবে রাজ্য সরকার। তবে ব্যক্তিগতভাবে তিনি স্কুলে পাশ-ফেল প্রথা ফেরানোর পক্ষেই মত দিয়েছেন। মুখ্যমন্ত্রীর কথায়, শিক্ষা দপ্তরের সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তি ও বিশেষজ্ঞদের রিপোর্টের জন্যই অপেক্ষা করা হচ্ছে। উল্লেখ্য, তৃণম

ূল আমলে রাজ্যে পাশ-ফেল প্রথা তুলে দেওয়া হয়েছিল।

তবে পালাবদলের পর নতুন সরকারের আমলে রাজ্যে ইতিমধ্যেই কেন্দ্রীয় শিক্ষানীতি (এনইপি) চালু হয়েছে এবং আগামী বছর থেকে সিলেবাসেও একাধিক বদল আসতে চলেছে। এই আবহেই পাশ-ফেল ফেরানোর সম্ভাবনা আরও জোরালো হল।
পাশ-ফেল ফেরানোর ইঙ্গিতের পাশাপাশি এদিন পড়ুয়াদের মধ্যে ‘রাষ্ট্রবাদ’ বা জাতীয়তাবোধ গড়ে তোলার উপরেও বিশেষ জোর দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, পড়ুয়াদের রাষ্ট্রবাদী করে তুলতে স্কুলগুলিতে প্রতি বছর অন্তত তিনদিন বিতর্ক, কুইজ ও তাৎক্ষণিক বক্তৃতার মতো বিষয়গুলি সাংস্কৃতিক অনুষ্ঠানের অন্তর্ভুক্ত করা প্রয়োজন। পাশাপাশি, ভারত ও পশ্চিমবঙ্গের ইতিহাস সঠিকভাবে পড়ানোর এবং স্কুলগুলিতে ব্রতচারী, এনএসএস ও এনসিসি পুনরায় চালু করার পক্ষেও সওয়াল করেছেন শুভেন্দু অধিকারী।