ইয়েমেনে দুই দিনের বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। হামলাগুলির জন্য সৌদি আরবকে দায়ী করেছে গোষ্ঠীটি। তবে এ বিষয়ে সৌদি আরবের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

হুথিদের নিয়ন্ত্রণাধীন স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবার রাজধানী সানায় পৃথক দুটি বিমান হামলায় পাঁচজন নিহত হন। নিহতদের মধ্যে এক নারী ও এক শিশু রয়েছেন।

একই দিন হুথিদের গণমাধ্যম কেন্দ্র জানায়, তাইজ প্রদেশের উপকূলীয় শহর মোখায় একাধিকবার বিমান হামলা চালানো হয়েছে। তবে হামলায় কোন কোন স্থাপনা বা লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি। হুথিদের দাবি, সেপ্টেম্বরের গোড়ার দিকে শহরটি তাদের নিয়ন্ত্রণে আসে।

এর আগে শুক্রবার তাইজ শহরের কাছে হিবা এলাকায় একটি বাড়িতে বিমান হামলায় একই পরিবারের চারজন নিহত হন বলে জানিয়েছে হুথি-নিয়ন্ত্রিত সূত্র। নিহতদের মধ্যে দু’জন নারী ও দু’টি শিশু রয়েছে।