পুবের কলম ওয়েব ডেস্ক: মহালয়ার দিন রাজ্যবাসীর জন্য আপৎকালীন জরুরি পরিষেবা '১১২' চালু করলেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখন থেকে এই নম্বরে ফোন করলেই ২৪ ঘণ্টা দ্রুত পুলিশি সাহায্য মিলবে। নাগরিক সুরক্ষা সুনিশ্চিত করতে রাজ্য পুলিশের বহরে নতুন ৪৫০টি গাড়ি ও মোটরবাইক যুক্ত করা হয়েছে। প্রতিটি থানার জন্য একটি করে গাড়ি ও মোটরবাইক বরাদ্দ করার পাশাপাশি নতুন ১৫০০ জন চালকও নিয়োগ করা হয়েছে।
এদিন পূর্বতন তৃণমূল সরকারের প্রশাসনিক ব্যর্থতার কড়া সমালোচনা করেন মুখ্যমন্ত্রী।
রাজ্যে পুলিশ নিয়োগের জট কাটার বিষয়েও আশার কথা শুনিয়েছেন পুলিশমন্ত্রী। তিনি জানান, বিধানসভায় আইন সংশোধন করে ওবিসি সংরক্ষণের জট কাটানো হয়েছে। এর ফলে পুজোর আগেই ১১ হাজারের বেশি নতুন কনস্টেবল নিয়োগ করা হচ্ছে। আগামী শুক্রবার তিনি নিজের হাতে তাঁদের নিয়োগপত্র তুলে দেবেন।
রাজ্য পুলিশের দক্ষতার প্রতি আস্থা প্রকাশ করে মুখ্যমন্ত্রী জানান, সিবিআই বা ইডি ছাড়াই বীরভূম পুলিশ একাই পাথর মাফিয়া টুলু মণ্ডলের ২২০ কোটি টাকার সম্পত্তি ও গাড়ি উদ্ধার করেছে। রাজ্যে নিষিদ্ধ কাফ সিরাপের ব্যবসা বরদাস্ত করা হবে না বলে কড়া বার্তা দেওয়ার পাশাপাশি তিনি আশ্বাস দিয়েছেন, আগামী দিনে রাজ্যে আরজি কর বা বারুইপুরের মতো কোনও ঘটনার পুনরাবৃত্তি হবে না।