পুবের কলম ওয়েব ডেস্ক: জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল মধ্য আমেরিকার দেশ পানামা। মার্কিন জিওলজিক্যাল সার্ভের রিপোর্ট অনুযায়ী, শুক্রবার রাতে প্রথমে ৭.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে সেখানে। এর কেন্দ্রস্থল ছিল পিতালোজা আরিবা শহর থেকে ১০ কিলোমিটার দূরে, ভূপৃষ্ঠের ১২ কিলোমিটার গভীরে। প্রথম কম্পনের রেশ কাটতে না কাটতেই ৬.৬ মাত্রার আরও একটি ভূমিকম্প আঘাত হানে।
এই জোড়া কম্পনের জেরে পানামায় বহু বাড়িঘর ভেঙে পড়েছে এবং বিদ্যুৎ পরিষেবা ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। এখনও পর্যন্ত সরাসরি কোনও প্রাণহানির খবর না মিললেও, বিপর্যয়ের তীব্রতায় একাধিক মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ঘটনার পরেই সে দেশের পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করেছে। প্রাথমিক জোড়া ধাক্কার পর এলাকায় বেশ কয়েকটি আফটার শকও অনুভূত হয়েছে।
ভূমিকম্পের তীব্রতার কারণে পানামার পাশাপাশি ইকুয়েডর, পেরু, নিকারাগুয়া এবং গুয়াতেমালাতেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে। পানামার আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সমুদ্রে ৩ থেকে ৪ মিটার উঁচু জলোচ্ছ্বাস দেখা যেতে পারে। ইতিমধ্যেই সাগর উত্তাল হতে শুরু করেছে। নিরাপত্তার খাতিরে দ্রুত উপকূলবর্তী এলাকাগুলি ফাঁকা করে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।