পুবের কলম ওয়েব ডেস্ক: বর্ধমানের এক জনসভা থেকে রাজ্যের কৃষকদের স্বার্থে একগুচ্ছ জনকল্যাণমুখী প্রকল্পের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কৃষি কাজে বিদ্যুৎ বিলে বিশেষ ছাড় দেওয়ার পাশাপাশি ধানের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির কথাও জানিয়েছেন তিনি। সরকারের এই নতুন সিদ্ধান্তে রাজ্যের প্রায় চার লক্ষ কৃষক উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।
এদিনের জনসভা থেকে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের সমস্ত ব্লকে কৃষিকাজে ব্যবহৃত পাম্পসেটের জন্য এবার থেকে বিদ্যুৎ বিলে প্রতি ইউনিটে ২ টাকা করে সরকারি ভর্তুকি দেওয়া হবে।
বিদ্যুৎ বিলে ছাড়ের পাশাপাশি কৃষকদের আয় বাড়াতে আরও দু'টি বড় ঘোষণা করা হয়েছে এদিনের সভা থেকে। মুখ্যমন্ত্রী জানান, কৃষকদের সুবিধার্থে এবার ধানের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) বাড়িয়ে ২,৭০০ টাকা করা হল। এছাড়া কৃষকদের বাৎসরিক আর্থিক সহায়তার পরিমাণও একধাক্কাতে অনেকটাই বাড়ানো হয়েছে। আগের সরকারের আমলে রাজ্যের কৃষকরা বছরে ৬,০০০ টাকা করে আর্থিক অনুদান পেতেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বর্তমান সরকার সেই অনুদানের পরিমাণ বাড়িয়ে বছরে ৯,০০০ টাকা করে কৃষকদের হাতে তুলে দেবে।