পুবের কলম ওয়েব ডেস্ক: বারুইপুর আদালত চত্বরে আইনজীবী তথা বামনেতা সায়ন বন্দ্যোপাধ্যায়ের ওপর ডিম হামলার ঘটনায় কড়া অবস্থান নিল কলকাতা হাই কোর্ট। ডিভিশন বেঞ্চের নির্দেশে এই বিষয়ে আদালতের রেজিস্ট্রার জেনারেল একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছেন। মামলায় আদালত বান্ধব হিসেবে আইনজীবী সৈকত বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ করা হয়েছে। ক্ষোভ প্রকাশ করে প্রধান বিচারপতি মন্তব্য করেন, একজন আইনজীবীর ওপর আক্রমণ কোনও ভাবেই মেনে নেওয়া যায় না।

আজ একজনের ওপর হামলা হলে কাল তা অন্যদের ক্ষেত্রেও ঘটতে পারে, তাই এই ধরনের ঘটনা অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন। আদালত সায়নের আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায়ের কাছে হলফনামা তলব করেছে। আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তা

হে এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।
ঘটনার সূত্রপাত ভাঙড় কলেজের পরিচালন সমিতির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে।

বিজেপি নেতা সায়ন্তন বসুর সভাপতি হওয়া নিয়ে গত ২২ সেপ্টেম্বর এসএফআই ও আইএসএফ কর্মী-সমর্থকদের সঙ্গে এবিভিপির সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে এবং কড়া নিরাপত্তার মধ্যে সায়ন্তন দায়িত্বভার গ্রহণ করেন। সেই ঘটনায় ধৃত এসএফআই কর্মীদের জামিনের সওয়াল করতে বারুইপুর আদালতে গিয়েছিলেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। আদালত ধৃত দুই ছাত্রের জামিন মঞ্জুর করার পরই আদালত চত্বরে সায়নকে ঘিরে বিক্ষোভ শুরু হয় এবং তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। জেলা জজ ও পুলিশের উপস্থিতিতে এমন হামলার ঘটনায় পুলিশও পৃথকভাবে তদন্ত শুরু করে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে।