পুবের কলম ওয়েবডেস্ক, ভোটাধিকার রক্ষার দাবিতে দিল্লিতে বিক্ষোভের আগেই ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বকে আটক করল পুলিশ। শনিবার, ১০ অক্টোবর সকাল ১০টা ১৯ মিনিট নাগাদ মুম্বই থেকে দিল্লিতে পৌঁছনো বিমানের ভিতরেই দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করা হয়। বিক্ষোভস্থলে পৌঁছনোর আগেই আন্দোলনকারীদের আটকে দেওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

সিজেপির অভিযোগ, শান্তিপূর্ণ প্রতিবাদ ভেস্তে দিতেই পুলিশের এই পদক্ষেপ।

দলের দাবি, মানুষের স্বাধীনভাবে চলাফেরা ও প্রতিবাদ করার অধিকার রয়েছে। আটক নেতাদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিও জানিয়েছে তারা।

বিমানের ভিতর থেকে সমাজমাধ্যমে সরাসরি সম্প্রচার করেন দিপকেরা। সেখানে পুলিশের সঙ্গে তাঁদের কথাকাটাকাটিও দেখা যায়।

গ্রেফতারির আশঙ্কা জেনেই দিল্লিতে এসেছেন বলে জানান দিপকে।

এর আগে গুরুগ্রামের বাড়ি থেকে ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করে পুলিশ। সিজেপির আইনি উপদেষ্টা রত্না সিংকেও আটক করা হয়েছে বলে দলের তরফে জানানো হয়েছে। সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ৫০০-র বেশি মানুষকে আটক করা হয়েছে।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) বন্ধের দাবিতে এই বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল। কর্মসূচির আগে ব্যাপক ধরপাকড়কে কেন্দ্র করে শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।