পুবের কলম ওয়েব ডেস্ক: রেজিনগর বিধানসভা উপনির্বাচনের ফলাফল ঘিরে ভোটগণনায় কারচুপির অভিযোগ তুলে শোরগোল তৈরি করেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে কিছুক্ষণের মধ্যেই তাঁর সেই দাবি সম্পূর্ণ খারিজ করে দিয়ে সঠিক পরিসংখ্যান প্রকাশ করল নির্বাচন কমিশন। তথ্যের সত্যতা যাচাই না করে ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলায় কমিশনের পক্ষ থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে।
শুক্রবার উপনির্বাচনের ফল প্রকাশের সময় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত পরিসংখ্যান ছড়িয়ে পড়ে।

সেখানে দাবি করা হয়, রেজিনগরের ১০৯ নম্বর বুথে মোট ভোটারের সংখ্যা ৭৭২, অথচ সেখানে বিজেপি প্রার্থী শাখারভ সরকার পেয়েছেন ৯০৯টি ভোট। ভোটারের চেয়ে কীভাবে প্রাপ্ত ভোট বেশি হতে পারে, সেই প্রশ্ন তুলে নিজের এক্স হ্যান্ডেলে বিষয়টি শেয়ার করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ভোটপ্রক্রিয়ায় কারচুপির অভিযোগ তোলেন তিনি। মুহূর্তের মধ্যে বিষয়টি রাজনৈতিক মহলে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।

এর কিছুক্ষণের মধ্যেই পালটা বিবৃতি দিয়ে বিষয়টি স্পষ্ট করে মুর্শিদাবাদের জেলা প্রশাসন ও জেলা নির্বাচনী আধিকারিক। কমিশনের তরফে জানানো হয়, সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ওই পরিসংখ্যানটি সম্পূর্ণ ভুল। রেজিনগরের ১০৯ নম্বর বুথে মোট ভোটারের সংখ্যা ৭৭২ নয়, প্রকৃতপক্ষে সেখানে ভোটার সংখ্যা ৯৭২। ফলে বিজেপি প্রার্থী ৯০৯টি ভোট পাওয়ায় সেখানে ভোটার সংখ্যা ও প্রাপ্ত ভোটের মধ্যে কোনও গরমিল নেই। যথাযথ যাচাই না করে ভুল তথ্যের ভিত্তিতে এমন অভিযোগ তোলায় কমিশনের তরফে ক্ষোভ প্রকাশ করা হয়েছে এবং তৃণমূল সাংসদের ওই দাবিকে সরাসরি ‘ভুল তথ্য’ (মিসইনফরমেশন) হিসেবে চিহ্নিত করা হয়েছে।