উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়: রাজ্যে নতুন সরকার গঠনের পর থেকেই নিজেদের সংগঠনকে আরও সুসংহত ও শক্তিশালী করার লক্ষ্যে বিশেষ তৎপরতা শুরু করেছে বিজেপি। সামনেই পুরভোট, আর সেই নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক স্তরে চলছে একাধিক গুরুত্বপূর্ণ পর্যালোচনা ও রদবদল। এই আবহেই বৃহস্পতিবার দুপুরে বারুইপুরে বিজেপির জয়নগর সাংগঠনিক জেলা কার্যালয়ে আয়োজিত হলো এক বিশেষ সাংগঠনিক বৈঠক।

এদিনের এই গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার সভাপতি উৎপল নস্কর, গোসাবার বিধায়ক বিকর্ণ নস্কর, বিভাগ সহ-আহ্বায়ক স্বরূপ দত্ত, রাজ্য কার্যনির্বাহী কমিটির সদস্য রামকৃষ্ণ প্রামাণিক, উত্তম কর, সুজিত সরদার, দেবতোষ আচার্য-সহ জয়নগর সাংগঠনিক জেলার বিভিন্ন স্তরের কার্যকর্তারা। দলীয় সূত্রে জানা গিয়েছে, এদিনের বৈঠকে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

বিশেষ করে বুথস্তর থেকে দলের সংগঠনকে আরও সক্রিয় ও শক্তিশালী করা, কর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং আগামী দিনের কর্মসূচি কীভাবে আরও সুসংগঠিতভাবে বাস্তবায়িত করা যায়, তা নিয়ে নেতৃত্বের মধ্যে মতবিনিময় হয়েছে।

সামনে পুরভোট থাকায় পুরসভা এলাকাগুলিতে দলের সাংগঠনিক প্রস্তুতি, কর্মীদের ভূমিকা এবং সাধারণ মানুষের সঙ্গে আরও নিবিড় যোগাযোগ গড়ে তোলার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে দলীয় সূত্রের খবর। বৈঠক থেকে আগামী দিনে দলের সাংগঠনিক কাজকর্ম কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে, তার একটি প্রাথমিক রূপরেখাও তৈরি করা হয়েছে। পাশাপাশি সাংগঠনিক নেতৃত্ব ও কর্মীদের নিয়ে দলীয় কর্মসূচি আরও জোরদার করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। দলের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে আয়োজিত এই বৈঠককে ঘিরে স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যেও উৎসাহ দেখা গিয়েছে। পুরভোটের আগে সাংগঠনিক শক্তি বৃদ্ধির পাশাপাশি জনসংযোগ আরও বাড়ানোর লক্ষ্যেই দল এগোচ্ছে বলে বৈঠক সূত্রে জানা গিয়েছে।