পুবের কলম, ওয়েবডেস্ক: প্রায় ৭৫ লাখ টাকা খরচ করে তৈরি স্বপ্নের বাড়ি হাতছাড়া। ছেলে ও বৌমার হাতে চরম নিগৃহীত হয়ে ঘরছাড়া সত্তোরোর্ধ্ব বৃদ্ধ দম্পতি। সমাজমাধ্যমে চোখের জল ফেলে সুবিচারের আবেদন জানিয়ে এক বৃদ্ধের করুণ ভিডিয়ো বার্তা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। নিজের জন্মদাতা সন্তানকে ‘আওরঙ্গজেবের চেয়েও নির্মম’ আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও প্রশাসনিক আধিকারিকদের হস্তক্ষেপ দাবি করেছেন বৃদ্ধ দম্পতি।


 
ভিডিয়ো বার্তায় আবেদন জানানো প্রবীণ নাগরিকের নাম রাম বিলাস কতারা (৭০)। তাঁর পাশে কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে স্ত্রী উষা কতারাকেও। তাঁদের অভিযোগ, ২০২২ সালের ৪ জানুয়ারি তাঁর ছেলে ও বৌমা চরম অপমান ও অত্যাচার করে তাঁদের নিজের তৈরি বাড়ি থেকে তাড়িয়ে দেন।
 
বৃদ্ধ দম্পতি দাবি করেন, নিজেদের জমানো প্রায় ৭৫ লাখ টাকা খরচ করে ওই বাড়িটি তৈরি করেছিলেন প্রবীণ দম্পতি।
ছেলে ও বৌমা বাড়িটি মাত্র ৪৬ লাখ টাকায় বিক্রি করে দিয়ে তাঁদের বের করে দেন। গত প্রায় পাঁচ বছর ধরে তাঁরা একটি ভাড়া বাড়িতে বসবাস করতে বাধ্য হচ্ছেন। বিচার পেতে এ পর্যন্ত সমাজমাধ্যমে প্রায় ১,০০০টিরও বেশি ভিডিয়ো পোস্ট করেছেন তাঁরা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দরবারেও দরবার করেছেন।
বৃদ্ধ বাবা ক্ষোভ উগরে দিয়ে বলেন, "আমার ছেলে আওরঙ্গজেবের চেয়েও খারাপ আচরণ করেছে আমাদের সঙ্গে।"
 
ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর আগ্রা পুলিশ কমিশনারেট এক বার্তায় জানায়, ঘটনাটি মূলত একটি পারিবারিক সম্পত্তি সংক্রান্ত আইনি বিরোধ। যে বাড়িটি নিয়ে বিবাদ, সেটির আইনি নথিপত্রে মালিক হিসেবে রাম বিলাসের বৌমার নাম নথিভুক্ত রয়েছে। সম্পত্তি বন্টন ও ভাগের একটি মামলা ইতিমধ্যেই আদালতে বিচারাধীন রয়েছে। রাম বিলাস কতারা বর্তমানে তাঁর ছোট ছেলে ও স্ত্রীর সঙ্গে ভাড়া বাড়িতে থাকেন। তদন্তের স্বার্থে দুই পক্ষেরই জবানবন্দি নথিভুক্ত করা হয়েছে, তবে সেগুলির মধ্যে চরম অসঙ্গতি ও পরস্পরবিরোধী দাবি মিলেছে। আগ্রা পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টির ওপর নজর রাখা হচ্ছে এবং আইন ও বিধিসম্মতভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।