রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দোতলা বাড়ি। মর্মান্তিক এই ঘটনায় উত্তরপ্রদেশের ফতেহপুরে মৃত্যু হয়েছে অন্তত চার জনের। গুরুতর জখম আরও এক জন। ধ্বংসস্তূপ সরিয়ে বাকিদের নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

সোমবার বিকেল সাড়ে ৫টা নাগাদ ফতেহপুরের মালওয়ান এলাকায় একটি দোতলা বাড়িতে বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণের তীব্র শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে। স্থানীয়েরা ছুটে এসে দেখেন, বিস্ফোরণের অভিঘাতে বাড়িটি ভেঙে পড়েছে এবং চারদিকে ধ্বংসস্তূপ ছড়িয়ে রয়েছে। বিস্ফোরণের পর বাড়িতে আগুনও ধরে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকলবাহিনী। প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এরপর ধ্বংসস্তূপ সরিয়ে শুরু হয় উদ্ধারকাজ। পুলিশ জানিয়েছে, ঘটনার সময় বাড়িতে মোট সাত জন ছিলেন। তাঁদের মধ্যে দু’জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। বাকি পাঁচ জন গুরুতর আহত হন।

আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা চার জনকে মৃত ঘোষণা করেন।

মৃতদের মধ্যে তিন বছরের একটি শিশুও রয়েছে। অন্য এক জনের চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে গিয়েছে।

ঘটনার খবর পেয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ স্থানীয় প্রশাসনকে দ্রুত উদ্ধার ও ত্রাণের ব্যবস্থা করার নির্দেশ দেন। আহত ব্যক্তির যথাযথ চিকিৎসার বন্দোবস্ত করার পাশাপাশি দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। নিহতদের পরিবারকে দু’লক্ষ টাকা করে আর্থিক সহায়তার কথাও ঘোষণা করা হয়েছে।