পুবের কলম ওয়েব ডেস্ক: দীর্ঘ বাণিজ্যযুদ্ধের পর বাণিজ্যিক সম্পর্কের টানাপোড়েন কমাতে সমঝোতার পথে এগোল আমেরিকা ও চিন। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উচ্চপর্যায়ের বৈঠকের পর ৩ হাজার কোটি ডলারের একটি শুল্কচুক্তি স্বাক্ষরিত হয়েছে। সংবাদসংস্থা রয়টার্সের সূত্র অনুযায়ী, এই নয়া চুক্তির ফলে মার্কিন কৃষিজাত পণ্য, কাঠ ও প্রসাধনী সামগ্রী চিনের বাজারে বিশেষ সুবিধা পাবে। অন্যদিকে, চিনা ছোট যন্ত্রপাতি, খেলনা এবং সাজসজ্জার সামগ্রী আমেরিকায় রপ্তানির ক্ষেত্রে শুল্ক ছাড় দেওয়া হবে।
আরও পড়ুন:
বাণিজ্যিক বোঝাপড়ার পাশাপাশি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে প্রযুক্তিগত প্রতিযোগিতা ও ঝুঁকি মোকাবিলায় যৌথ আলোচনায় সম্মত হয়েছে দুই দেশ। এ ক্ষেত্রে ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’-এর পরিবর্তে ‘সুপার ইন্টেলিজেন্স’ শব্দবন্ধ ব্যবহারের সওয়াল করেছেন ট্রাম্প ও জিনপিং। এছাড়া হোয়াইট হাউস সূত্রে জানা গিয়েছে, ২০২৭-২৮ সালের মধ্যে আমেরিকা থেকে অন্তত এক কোটি মেট্রিক টন কয়লা আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে চিন। পাশাপাশি অ্যাপেক এবং জি-২০-র মতো বড় আন্তর্জাতিক সম্মেলন আয়োজনেও উভয় দেশ একে অপরকে সহযোগিতা করবে।
আরও পড়ুন:
তবে ইরান যুদ্ধ বা তাইওয়ান ইস্যুতে দুই রাষ্ট্রপ্রধান কোনও ঐকমত্যে পৌঁছাতে পেরেছেন কি না, তা স্পষ্ট নয়। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, এই বৈঠকের মাধ্যমে বেজিং প্রযুক্তি ক্ষেত্রে মার্কিন চাপ কমিয়ে নিজেদের অবস্থান মজবুত করার কূটনৈতিক সুযোগ পেল। অন্যদিকে ওয়াশিংটনও চিনের বাজারে বাড়তি বাণিজ্যিক সুবিধা নিশ্চিত করল। দুই পরাশক্তির এই নয়া সমীকরণ এবং সেমিকন্ডাক্টর ও এআই ক্ষেত্রে চিনের প্রভাব বিস্তারের দিকে বিশেষ নজর রাখছে ভারতও।