পুবের কলম ওয়েব ডেস্ক:  দিল্লিতে একের পর এক ঘটে চলা গণধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মাত্র কয়েকদিনের ব্যবধানে রাজধানীতে একাধিক নারী নির্যাতনের ঘটনা ঘটেছে, যার মধ্যে বেশ কয়েকটি ক্ষেত্রে নির্যাতিতারা নাবালিকা। এই ভয়ংকর পরিস্থিতির জেরে সোমবার দিল্লি পুলিশ ও রাজ্য সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেছে শীর্ষ আদালত। বিচারপতি জেবি পারদিওয়ালার নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, দিল্লির বর্তমান নারী নিরাপত্তার বেহাল দশা বাধ্য হয়েই ২০১২ সালের নির্ভয়া কাণ্ডের মর্মান্তিক যন্ত্রণার কথা মনে করিয়ে দিচ্ছে।


গত দুই সপ্তাহে দিল্লিতে অন্তত চারটি ধর্ষণের ঘটনা সামনে এসেছে। বিষয়টিতে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে সুপ্রিম কোর্ট জানিয়েছে, প্রশাসন ও পুলিশ সাধারণ মানুষকে ন্যূনতম নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। পার্ক বা বাসের মতো সাধারণ জায়গাগুলিতে পর্যাপ্ত আলো, নজরদারি ও সিসিটিভির অভাব কেন থাকবে, তা নিয়ে প্রশ্ন তুলেছে আদালত। শীর্ষ আদালতের স্পষ্ট বার্তা, ভীতিহীনভাবে এবং সম্মানের সঙ্গে বেঁচে থাকা দেশের প্রত্যেক নাগরিকের অধিকার, যা সুনিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব।

সাম্প্রতিক কয়েকটি মর্মান্তিক ঘটনার উল্লেখ করে নারী নিরাপত্তা নিয়ে হতাশা প্রকাশ করেছে আদালত। দিনকয়েক আগে গ্রেটার নয়ডা থেকে দিল্লিগামী একটি চলন্ত বাসে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। সেই বাসে কোনও সিসিটিভি ক্যামেরা ছিল না, যা সরাসরি নির্ভয়া কাণ্ডের স্মৃতি ফিরিয়ে আনে। এছাড়াও কালকাজিতে মন্দির সংলগ্ন একটি পার্কে পুলিশ সেজে এক নাবালিকাকে গণধর্ষণ এবং অপর এক নাবালিকাকে গণধর্ষণ করে খুনের পর দেহ ফেলে দেওয়ার মতো পৈশাচিক ঘটনা সামনে এসেছে। রাজধানীর বুকে এমন ধারাবাহিক অপরাধমূলক ঘটনা রুখতে প্রশাসনের এই চূড়ান্ত ব্যর্থতা নিয়েই এবার কড়া অবস্থান নিল শীর্ষ আদালত।