পুবের কলম ওয়েব ডেস্ক: রাজনৈতিক সৌজন্যের সমস্ত সীমা পেরিয়ে এবার সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মৃত্যুকামনা করে বসলেন আমজনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা তথা বিধায়ক হুমায়ুন কবীর। রবিবার এক ভরা সাংবাদিক বৈঠকে তিনি প্রকাশ্যেই বলেন, মুখ্যমন্ত্রী যাতে দ্রুত পৃথিবী থেকে বিদায় নেন, তার জন্য তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন। হুমায়ুনের অভিযোগ, ক্ষমতা পেয়ে মুখ্যমন্ত্রী উদ্ধত হয়ে উঠেছেন এবং তাঁর আমলে সংখ্যালঘুদের ওপর লাগাতার অত্যাচার চালানো হচ্ছে।
সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ উগরে দিয়ে হুমায়ুন দাবি করেন, অতীতে তৃণমূল থেকে বহিষ্কৃত হওয়ার সময় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতাচ্যুতির দোয়া চেয়েছিলেন, যা পূরণ হয়েছে।
হুমায়ুন কবীরের এই বেনজির মন্তব্যের পর থেকেই বিভিন্ন রাজনৈতিক মহলে নিন্দার ঝড় উঠেছে। রেজিনগর উপনির্বাচনে হুমায়ুনের ছেলে প্রার্থী হলেও তিনি আগেই প্রচার থেকে সরে দাঁড়িয়েছিলেন। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এমন অবমাননাকর ও চরম অসংবেদনশীল মন্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন রেজিনগরের বিজেপি প্রার্থী শাখারভ সরকার-সহ অন্যান্য রাজনৈতিক নেতৃত্ব।