পুবের কলম ওয়েবডেস্ক, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদমুখী লংমার্চের তারিখ পিছিয়েছে তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। ২৭ সেপ্টেম্বরের বদলে আগামী ৪ অক্টোবর পেশোয়ার থেকে এই কর্মসূচি শুরু হবে।

খাইবার পাখতুনখওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি শুক্রবার এ ঘোষণা দেন। তিনি বলেন, সংবিধানের সর্বোচ্চ কর্তৃত্ব, স্বাধীন বিচারব্যবস্থা ও গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠার পাশাপাশি ইমরান খানের কথিত ‘হাকিকি আজাদি’ অর্জনের জন্য তাঁদের আন্দোলন চলছে।

ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী।

তাঁকে মুক্ত করার দাবিতে দেশজুড়ে বিক্ষোভ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে পিটিআই।

লংমার্চ ঠেকাতে ইসলামাবাদে কয়েক হাজার পুলিশ মোতায়েন করেছে পাকিস্তান সরকার। প্রধান সড়ক ও মহাসড়কে বসানো হয়েছে ব্যারিকেড। কিছু সড়কে যান চলাচল বন্ধ বা সীমিত করা হয়েছে। ইসলামাবাদসহ পাঞ্জাবের কয়েকটি জেলায় রেঞ্জার্স মোতায়েনের অনুমতিও দিয়েছে কেন্দ্রীয় সরকার।

এদিকে খাইবার পাখতুনখওয়ার গভর্নর ফয়সাল করিম কুন্দি দাবি করেছেন, পিটিআইয়ের কর্মীরা এখন নিজেরাই গ্রেপ্তার হতে চাইছেন এবং দলের বাইরে যাওয়ার পথ খুঁজছেন।