পুবের কলম ওয়েব ডেস্ক: চলতি এশিয়ান গেমসে শুক্রবার দ্বিতীয় সোনার পদকটি এল ভারতের ঘরে। এ দিন শুটিংয়ের মিক্সড টিম ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জিতলেন সুরুচি সিং এবং কমলজিৎ। ফাইনালে দক্ষিণ কোরিয়াকে ৬.৬ পয়েন্টের ব্যবধানে হারিয়ে সোনা এল ভারতীয় শুটারদের ঝুলিতে। সোনা জয়ের পথে নতুন গেমস রেকর্ডও গড়েছেন তাঁরা। সোনার পাশাপাশি এ দিন শুটিংয়েই এসেছে একটি রুপোর পদকও। ছেলেদের দলগত ৫০ মিটার রাইফেল থ্রি পজিসনে দ্বিতীয় স্থানে শেষ করে রুপো জিতেছে ভারতীয় দল।
মিক্সড টিম ১০ মিটার এয়ার পিস্তলে দক্ষিণ কোরিয়ার সুহিয়ন হং- গেউন চু জুটিকে হারিয়ে সোনা জেতে ভারতীয় দল।
যোগ্যতা অর্জন পর্বে ৫৮৭ স্কোর করে ফাইনালে উঠেছিলেন সুরুচি-কমলজিৎ। তখনই তাঁদের নিয়ে প্রত্যাশার পারদ চড়তে থাকে। উল্লেখ্য, এই ইভেন্টে সুরুচির সঙ্গে প্রথমে নামার কথা ছিল বালাকৃষ্ণ উচাগানভের। তবে সাম্প্রতিক ফর্মের বিচারে সুরুচির সঙ্গে কমলজিৎকে নামানোর সিদ্ধান্ত নেয় ভারতের শুটিং সংস্থা। প্রতিযোগিতার ব্যক্তিগত ইভেন্টে যোগ্যতা অর্জন পর্বে বালাকৃষ্ণ ৫৬৮ স্কোর করে ৩৫ নম্বরে শেষ করেন। তারপরেই মিক্সড ইভেন্টে দল পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। টিম ইভেন্টের যোগ্যতা অর্জন পর্বে ২৯টি শট ১০ পয়েন্টের বৃত্তে মেরে সুরুচি-কমলজিৎ জুটি প্রমাণ করে দেয়, শুটিং সংস্থার সিদ্ধান্তে কোনও ভুল ছিল না।
এ দিন শুটিং থেকে ভারতের ঝুলিতে এল একটি রুপোর পদকও। ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন টিম ইভেন্টে দ্বিতীয় হয়েছে ভারতীয় পুরুষ দল। ঐশ্বর্য প্রতাপ সিং তোমর, নীরজ কুমার এবং রুoাঙ্কশ পাটিলকে নিয়ে গঠিত ভারতীয় দল ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে চিনের কাছে অল্প ব্যবধানে হেরে যায়। ভারতীয় দল ১৭৬২ পয়েন্ট স্কোর করে রুপো জেতে। তাঁরা ৯৪টি শটে ১০ পয়েন্ট করে পেয়েছেন। এই ইভেন্টে ১৭৬৬ স্কোর করে সোনা জিতেছে চিনা জুটি। তারা মোট ৯৫টি শটে ১০ পয়েন্ট করে অর্জন করে। ১৭৫১ স্কোর করে ব্রোঞ্জ জিতেছে দক্ষিণ কোরিয়া।