পুবের কলম, ওয়েবডেস্ক: নির্বাচন কমিশনের অন্দরে মতভেদের বিস্ফোরক খবর এবং ভোটার তালিকার নিবিড় সংশোধন নিয়ে চলা তীব্র বিতর্কের জেরে এবার দেশজুড়ে আন্দোলন জোরদার করল কংগ্রেসসহ বিরোধী দলগুলি। শুক্রবার গুয়াহাটিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের গ্রেপ্তার ও পদত্যাগের দাবিতে মিছিলের সময় রাজীব ভবনের সামনে থেকে লোকসভার কংগ্রেস উপনেতা তথা অসম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈসহ একাধিক শীর্ষ নেতাকে আটক করেছে পুলিশ।
আরও পড়ুন:
শুধু গুয়াহাটিই নয়, সিইসি-র পদত্যাগের দাবিতে দিল্লির নির্বাচন কমিশনের সদর দপ্তর থেকে কলকাতা, পাটনা, চণ্ডীগড়, জম্মু, হায়দরাবাদ ও ভোপাল—দেশের একাধিক প্রান্তে একযোগে সোচ্চার হয়েছে কংগ্রেস ও বিরোধী শিবির।
আরও পড়ুন:
শুক্রবার সকালে গুয়াহাটির রাজীব ভবন থেকে অসমের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের উদ্দেশ্যে বিশাল প্রতিবাদ মিছিল বের হয়।
মিছিলটি ঠেকাতে পুলিশ আগে থেকেই রাস্তায় শক্ত ব্যারিকেড গড়ে তোলে। গৌরব গগৈয়ের নেতৃত্বে কংগ্রেস কর্মীরা ব্যারিকেড পার হওয়ার চেষ্টা করলে পুলিশি ধস্তাধস্তি শুরু হয়। এরপরই গৌরব গগৈসহ অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সম্পাদক মনোজ চৌহান, সেবা দলের সভাপতি দীপ বায়ান এবং অসম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক উদিত ভানু দাসকে পুলিশ আটক করে।আরও পড়ুন:
আটক হওয়ার সময় চরম ক্ষোভ প্রকাশ করে গৌরব গগৈ বলেন, "আজ দেশের মানুষ জানতে পেরেছেন যে জ্ঞানেশ কুমার মারাত্মক অন্যায় করেছেন।
তাঁর অবিলম্বে পদত্যাগ করা উচিত। শুধু পদত্যাগই যথেষ্ট নয়, তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে তাঁকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। নির্বাচন পরিচালনা ও ভোটার তালিকা নিয়ে ওঠা প্রশ্নের জবাবদিহি নির্ধারণ করা অত্যন্ত জরুরি।" কংগ্রেস মুখপাত্র বেদব্রত বরা এই আটককে "জোরপূর্বক গ্রেপ্তার" আখ্যা দিয়ে গণতন্ত্রের ওপর চরম আঘাত হিসেবে মন্তব্য করেছেন।