পুবের কলম ওয়েব ডেস্ক: রাজ্য পুলিশের শীর্ষ স্তরে বড়সড় রদবদল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা পুলিশের একাধিক শীর্ষকর্তা-সহ মোট ২৩ জন আইপিএস এবং ডব্লিউবিপিএস পদমর্যাদার আধিকারিককে বদলি করা হয়েছে। শুক্রবার রাজ্যের স্বরাষ্ট্র দফতর এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, কলকাতা পুলিশের বর্তমান অতিরিক্ত পুলিশ কমিশনার দেবেন্দ্র প্রকাশ সিংহকে উত্তরবঙ্গের আইজি (আইবি) পদে পাঠানো হয়েছে এবং তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন আইপিএস সুধীরকুমার নীলকান্তম, যিনি এত দিন এসটিএফ-এর আইজিপি ছিলেন।

কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক) সূর্যপ্রতাপ যাদবকে রাজ্য পুলিশের ডিআইজি (আইবি) পদে বদলি করা হয়েছে এবং তাঁর জায়গায় আসছেন আইপিএস ভোলানাথ পাণ্ডে। রাজ্য পুলিশের ডিআইজি (নিরাপত্তা) পদে থাকা আইপিএস সুখেন্দু হীরা কলকাতা পুলিশের নতুন যুগ্ম কমিশনার (নিরাপত্তা) হচ্ছেন। কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট শাখার ডিসি স্পর্শা নীলাঙ্গিকে গোয়েন্দা বিভাগের (ডিডি) ডিসি এবং সশস্ত্র পুলিশবাহিনীর আইপিএস সৌম্যদীপ ভট্টাচার্যকে সাইবার শাখার নতুন ডিসি হিসেবে নিয়োগ করা হয়েছে।
পাশাপাশি, বিধাননগর পুলিশ কমিশনারেটের নতুন ডিসি (ডিডি) হচ্ছেন আইপিএস কাজি সামসুদ্দিন আহমেদ এবং আইপিএস দেবর্ষি দত্ত বিধাননগর পুলিশ কমিশনারেটের যুগ্ম কমিশনার হিসেবে দায়িত্ব নিচ্ছেন।
ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নতুন ডিসি হচ্ছেন আইপিএস কুন্তল বন্দ্যোপাধ্যায়। এ ছাড়া আইপিএস নীলু শেরপাকে ডব্লিউবিপিএইচআইডিসিএলের আইজিপি এবং আইপিএস শঙ্খশুভ্র চক্রবর্তীকে এসসিআরবি-র আইজিপি করা হয়েছে। সিআইডি-তেও বেশ কিছু রদবদল হয়েছে; আইপিএস নীমা নরবু ভুটিয়া সিআইডি-র এসএস এবং আইপিএস ধৃতিমান সরকারকে মালদহে সিআইডি-র এসএস পদে পাঠানো হয়েছে।
জেলার স্তরেও একাধিক ডব্লিউবিপিএস আধিকারিককে বদলি করা হয়েছে। দার্জিলিঙের অতিরিক্ত পুলিশ সুপার কৌস্তুভদীপ্তা আচার্যকে আলিপুরদুয়ারের জয়গাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার, কালিম্পঙে পূর্ণিমা শেরপা, বীরভূমে অভিষেক রায়, মাথাভাঙায় মানবেন্দ্র দাস এবং মালদহ গ্রামীণের নতুন অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কুণাল বর্ণাবাসকে নিয়োগ করা হয়েছে।