এশিয়ান গেমসে পুরুষদের ম্যারাথনে ইতিহাস গড়ল ভারত। শনিবার নোগোয়ায় দুর্দান্ত পারফরম্যান্স করে রুপোর পদক জিতলেন ভারতের সাওয়ান বারওয়াল। ২ ঘণ্টা ১১ মিনিট ৩৭ সেকেন্ডে দৌড় শেষ করে ব্যক্তিগত সেরা সময়ও গড়েছেন তিনি। একইসঙ্গে ৪৪ বছর পর এশিয়ান গেমসের ম্যারাথনে ভারতের পদক-খরা কাটল।

শেষবার ১৯৮২ সালে দিল্লি এশিয়ান গেমসে পুরুষদের ম্যারাথনে পদক পেয়েছিল ভারত।

দীর্ঘ চার দশকেরও বেশি সময় পর সেই সাফল্যের পুনরাবৃত্তি করলেন বারওয়াল। শুরু থেকেই ছন্দে ছিলেন ভারতীয় অ্যাথলিট। একসময় প্রতিযোগিতায় শীর্ষস্থানও দখল করেন তিনি। হাফওয়ে মার্কে ১ ঘণ্টা ৫ মিনিট ৫৪ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় স্থানে ছিলেন বারওয়াল।

শেষ পর্যন্ত জাপানের ইচিতাকা ইয়ামাশিতার থেকে ৪৮ সেকেন্ড পিছিয়ে থেকে রুপো নিশ্চিত করেন তিনি।

২ ঘণ্টা ১০ মিনিট ৪৯ সেকেন্ডে সোনা জেতেন ইয়ামাশিতা। চিনের ফেং পেইইউ ২ ঘণ্টা ১২ মিনিট ১৩ সেকেন্ডে দৌড় শেষ করে ব্রোঞ্জ পান।

দৌড়ের পর নিজের পরিকল্পনার কথা জানান বারওয়াল। তাঁর লক্ষ্য ছিল ৩৯-৪০ কিলোমিটার পর্যন্ত প্রথম সারির দৌড়বিদদের সঙ্গে থাকা। সেই পরিকল্পনা অনুযায়ী শেষ পর্যন্ত সামনের গ্রুপেই ছিলেন তিনি।

প্রায় ৩৭ কিলোমিটার পর্যন্ত তিনজন পাশাপাশি দৌড়চ্ছিলেন। এরপর তৃতীয় স্থানে থাকা প্রতিযোগী কিছুটা পিছিয়ে পড়েন।

শেষের ১-২ কিলোমিটারে নিজের সেরাটা দেওয়ার পরিকল্পনা ছিল বারওয়ালের। সামনে থাকা জাপানি প্রতিযোগী তুলনামূলক দ্রুত গতিতে দৌড়ালেও নিজের স্বচ্ছন্দ ছন্দ বজায় রেখেই এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন ভারতীয় অ্যাথলিট। সেই কৌশলেই শেষ পর্যন্ত রুপো নিশ্চিত করেন তিনি।

চলতি বছরের এপ্রিলেই শিবনাথ সিংয়ের ৪৮ বছরের পুরনো জাতীয় রেকর্ড ভেঙে চমক দিয়েছিলেন বারওয়াল। রটারড্যাম এনএন ম্যারাথনে সেই নজির গড়ার পর এবার এশিয়ান গেমসের মঞ্চেও নতুন সাফল্যের অধ্যায় লিখলেন ভারতের এই অ্যাথলিট।