পুবের কলম ওয়েব ডেস্ক : এশিয়ান গেমসে মহিলাদের হকির সেমিফাইনালে উঠল ভারত। শুক্রবার শক্তিশালী জাপানকে ৩-১ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নিল ভারত। দলের হয়ে গোল করেন লালরেমসিয়ামি, ঈশিকা চৌধুরি এবং নভনীত কৌর। গ্রুপে একটি ম্যাচ বাকি থাকতেই সেমিতে উঠে গেল ঈশিকারা। 
মহিলাদের হকিতে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ১১ নম্বরে থাকা জাপানের বিরুদ্ধে আক্রমনাত্মক ভাবে খেলা শুরু করে ভারত।

পাঁচ মিনিটেই লালরেমসিয়ামি গোল করে দলকে এগিয়ে দেন। নভনীতের শট জাপানের গোলরক্ষক কোনওমতে সেভ করলেও, ফিরতি বল চলে যায় লালরেমসিয়ামির  কাছে। তাঁর শট আটকাতে পারেননি জাপানি গোলরক্ষক। গোল পেয়েই মাঝমাঠকে জমাট করে খেলার নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় ভারত। বলের দখলেও ছিল স্পষ্ট আধিপত্য।
তবে প্রথম কোয়ার্টারের মাঝামাঝি সময়ে গোল শোধের সুযোগ এসেছিল জাপানের কাছে। তবে ™েনাল্টি কর্ণার থেকে নেওয়া মাও উয়েনোর শট আটকে দেন গোলরক্ষক সবিতা পুনিয়া। 
দ্বিতীয় কোয়ার্টারে আক্রমণের গতি বাড়ায় ভারত। লালরেমসিয়ামি ব্যাবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন,  তবে এক্ষেত্রে জাপানের ডিফেন্ডাররা তাঁর শট আটকে দেন। বিরতির ঠিক আগে ব্যবধান বাড়ায় ভারত।
এক্ষেত্রে নভনীতের প্রচেষ্টা আটকে গেলেও ফিরতি বলে গোল করেন ঈশিকা। তৃতীয় কোয়ার্টারে গোল পান নভনীত। অসাধারন ‘স্টিকওয়ার্কে’ জাপানের বক্সে ঢুকে কোনাকুনি শটে গোল করেন নভনীত। চতুর্থ কোয়ার্টারের শুরুতে ব্যবধান কমায় জাপান। জোরালো শটে গোল করেন শিহো কোবায়াকাওয়া। শেষের দিকে জাপান চাপ বাড়ালেও আর কোনও গোল হয়নি। গ্রুপে ভারতের শেষ ম্যাচ রবিবার, সিঙ্গাপুরের বিরুদ্ধে।