পুবের কলম ওয়েব ডেস্ক: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ বা ইমপিচমেন্টের দাবিকে কেন্দ্র করে ফের এককাট্টা হচ্ছে ‘ইন্ডিয়া’ জোট। এই প্রক্রিয়ায় জাতীয় রাজনীতিতে অন্যতম বড় চমক হিসেবে উঠে এসেছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সিপিএম নেতৃত্বের সরাসরি যোগাযোগ। দীর্ঘ রাজনৈতিক জীবনের বাম বিরোধিতা সরিয়ে রেখে ‘ভোটচুরি’ ইস্যুতে খোদ সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবির সঙ্গে ফোনে কথা বলেছেন মমতা। তৃণমূল সাংসদ সৌগত রায় এই যোগাযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন:
দলীয় সূত্রে জানা গিয়েছে, জ্ঞানেশ কুমার বিতর্ক নিয়ে দেশের বিরোধী দলগুলির পাশাপাশি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও চিঠি পাঠিয়েছিলেন সিপিএম সাধারণ সম্পাদক এম এ বেবি। সেই চিঠির পালটা ইতিবাচক উত্তরও পাঠিয়েছেন তৃণমূল সুপ্রিমো। শুধু তাই নয়, এম এ বেবির সঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও কথা হয়েছে। রাজ্যে ক্ষমতা হারানোর পর মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের যৌথ লড়াইয়ের ডাক দিলেও তখন সিপিএম তাতে সাড়া দেয়নি।
তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে যৌথ পদক্ষেপ দু’পক্ষকেই কাছাকাছি এনে দিয়েছে।আরও পড়ুন:
নির্বাচন প্রক্রিয়ায় অসঙ্গতি এবং ভোটচুরির অভিযোগকে সামনে রেখে জাতীয় স্তরে বৃহত্তর বিরোধী ঐক্য গড়ে তুলতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে রাহুল গান্ধী ও অখিলেশ যাদব-সহ বিরোধী নেতৃত্বের সঙ্গে তাঁর কথা হয়েছে। তৃণমূল নেত্রী ইতিমধ্যে রাহুল গান্ধীকে দিল্লিতে দ্রুত ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক ডাকার অনুরোধ জানিয়েছেন। সূত্রের খবর, সংসদে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনা এবং আন্দোলনের যৌথ রণকৌশল স্থির করতে আগামী বুধবার দিল্লিতে বৈঠকে বসতে পারে ‘ইন্ডিয়া’ জোটের শীর্ষ নেতৃত্ব।