পুবের কলম ওয়েব ডেস্ক: সপ্তাহে দু’দিন ছুটির দাবিতে আগামী ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর দেশজুড়ে তিনদিনের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্ক কর্মী ইউনিয়নগুলির যৌথ মঞ্চ। উৎসবের মরশুমে এই টানা ধর্মঘটের জেরে আমজনতার ভোগান্তি রুখতে বড়সড় স্বস্তির খবর শোনাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)। ধর্মঘট চলাকালীন নিজেদের গ্রাহকদের জন্য এটিএম লেনদেনের সমস্ত চার্জ সম্পূর্ণ মকুব করার কথা ঘোষণা করেছে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটি।
এসবিআইয়ের তরফে জানানো হয়েছে, ধর্মঘটের এই তিন দিন গ্রাহকরা যে কোনও ব্যাঙ্কের এটিএম থেকে সম্পূর্ণ বিনামূল্যে নগদ টাকা তুলতে পারবেন। মাসিক লেনদেনের নির্দিষ্ট সীমা পেরিয়ে যাওয়ার পর সাধারণত যে অতিরিক্ত চার্জ কাটা হয়, এই সময়ে তা দিতে হবে না।
শনিবারের ছুটির পর সোম থেকে বুধ টানা ধর্মঘটের জেরে মাসের শেষে টানা পাঁচদিন ব্যাঙ্ক পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। পরিস্থিতি সামাল দিতে রবিবার সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্র। এর আগে গত ১১ সেপ্টেম্বরও একই দাবিতে একদিনের ধর্মঘট পালন করেছিলেন ব্যাঙ্ককর্মীরা। উৎসবের মুখে সাধারণ মানুষ ও ছোট ব্যবসায়ীদের যাতে নগদ টাকার সমস্যায় পড়তে না হয়, তা নিশ্চিত করতেই স্টেট ব্যাঙ্কের তরফে এই বিশেষ পদক্ষেপ করা হয়েছে।