পুবের কলম ওয়েব ডেস্ক: মেদিনীপুর সদরের কোতোয়ালি থানা এলাকায় এক বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম সামশের বিশ্বাস (৩২)। শনিবার সকালে হাতিহল্কা এলাকার কদমতলা বাজারে মামা জাফর বিশ্বাস ও কয়েকজনের সঙ্গে চা খাচ্ছিলেন তিনি। অভিযোগ, সেই সময় অতর্কিতে রড, লাঠি ও ইট নিয়ে তাঁদের উপর দফায় দফায় হামলা চালায় একদল দুষ্কৃতী।

হামলায় সামশের এবং অপর এক কর্মী গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা সামশেরকে মৃত বলে ঘোষণা করেন। সাতসকালের এই হামলার সিসিটিভি ফুটেজও প্রকাশ্যে এসেছে।

এই ঘটনার নেপথ্যে বিজেপির অভ্যন্তরীণ কোন্দল রয়েছে বলে অভিযোগ উঠছে।

শুক্রবারই মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি পদ থেকে সমিত মণ্ডলকে সরিয়ে সৌমেন তিওয়ারিকে দায়িত্ব দেওয়া হয়েছিল। নিহত সামশের ও তাঁর মামা সদ্য অপসারিত সভাপতি সমিত মণ্ডলের অনুগামী হিসেবে পরিচিত ছিলেন। তবে দলীয় গোষ্ঠীসংঘর্ষের অভিযোগ অস্বীকার করেছেন মেদিনীপুর সাংগঠনিক জেলার বিজেপি সহ-সভাপতি অজয় জানা। তিনি দাবি করেন, বিজেপির কর্মীরা এই ধরনের কাজ করতে পারে না এবং দুষ্কৃতীদের কোনও রাজনৈতিক পরিচয় হয় না। ইতিমধ্যে অভিযুক্তদের নাম পুলিশকে জানানো হয়েছে উল্লেখ করে দোষীদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছে জেলা বিজেপি নেতৃত্ব।