পুবের কলম ওয়েব ডেস্ক: দল ভাগের পর শ্রীরামপুরের কোর্ট ময়দানে মমতা সর্বভারতীয় তৃণমূলের প্রথম জনসভায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশানা করলেন। শনিবারের জনসভা থেকে তিনি নির্বাচন কমিশন এবং কেন্দ্রের শাসকদলের বিরুদ্ধে এসআইআর (SIR) বা ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে একাধিক অভিযোগ তুলে ধরেন।
এসআইআর প্রক্রিয়ার শুরু থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরোধিতা করে আসছিলেন। তাঁর দাবি ছিল, এই প্রক্রিয়ায় রাজ্যের প্রায় ৯৩ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। সম্প্রতি নির্বাচন কমিশনের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে আসার পর সেই ইস্যুকেই হাতিয়ার করেছেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায় আরও অভিযোগ করেন যে, নির্বাচন কমিশনের অফিসার সীমা খান্নার ভূমিকা সন্দেহজনক ছিল। তাঁর দাবি, বিজেপির লোকজন ফর্ম ৬ বস্তায় করে বিজেপির সিল লাগিয়ে জমা দিচ্ছিল। তিনি বলেন, ‘‘ভ্যানিশ কুমার নামটা আমি প্রথম বলেছিলাম। কারণ কী জানেন? ধরে ধরে ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে দিচ্ছিল। ওরা বাংলা দখল করেছে, আমরা দিল্লি দখল করব।”
হাই কোর্টের অনুমতি সাপেক্ষে অনুষ্ঠিত এই সভায় পুলিশের ভূমিকা নিয়েও সরব হন মমতা। তিনি অভিযোগ করেন যে, তাঁর সভায় জনসমাগম রুখতে শুক্রবার রাতে শ্রীরামপুরের বিভিন্ন বাড়ি থেকে তৃণমূল সমর্থকদের গ্রেপ্তার করেছে পুলিশ।