পুবের কলম, ওয়েবডেস্ক: মণিপুরে সহিংসতা থামার কোনো লক্ষণ নেই। শনিবার দুপুরে রাজ্যটির সেনাপতি জেলায় এক নতুন রক্তক্ষয়ী হামলায় দুই নাগা নাগরিক নিহত এবং আরও দুজন গুরুতর আহত হয়েছেন। সেনাপতি জেলার কালেনজাং গ্রামে স্থানীয় এক গ্রামপ্রধানের বাড়িতে প্রবেশ করে একদল সশস্ত্র হামলাকারী এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে খবর, গুলির শব্দ শুনেই নিরাপত্তারক্ষী ও পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছায়।

তবে কী কারণে বা কোন উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। হামলায় নিহত দুই নাগা নাগরিককে রকি এবং কুমার হিসেবে শনাক্ত করা হয়েছে। তাঁরা সেনাপতি জেলারই দুটি পৃথক গ্রামের বাসিন্দা ছিলেন। আহতদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় সেনাপতির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অফিসিয়াল বা সরকারিভাবে এখনও কারও নাম প্রকাশ করা না হলেও, স্থানীয় নাগা সূত্রের দাবি—এই হামলার পেছনে কুকি জনগোষ্ঠীর সশস্ত্র সদস্যরা জড়িত থাকতে পারে।

ঘটনার কড়া নিন্দা জানিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়নাম খেমচন্দ্র সিং। মুখ্যমন্ত্রী দপ্তর থেকে এক এক্স বার্তায় এই হামলাকে “নিরীহ মানুষের ওপর এক কাপুরুষোচিত হিংসাত্মক কাজ” বলে অভিহিত করা হয়েছে। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী। উল্লেখযোগ্যভাবে, ঘটনাস্থল থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে মারামে ডন বসকো কলেজের রজত জয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি।