পুবের কলম ওয়েব ডেস্ক: এক ছাত্রীর গণধর্ষণ এবং আত্মহত্যার অভিযোগকে কেন্দ্র করে শনিবার রাতে রণক্ষেত্রের চেহারা নিল পাঞ্জাবের লাভলি প্রফেশনাল বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসে ব্যাপক ভাঙচুর, ইটবৃষ্টি ও অগ্নিসংযোগের পাশাপাশি জলন্ধর-ফাগওয়ারা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ পড়ুয়ারা। রবিবার সকাল পর্যন্ত এই বিক্ষোভ চলে। তবে পুলিশ এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উভয়েই এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে খারিজ করে দিয়েছে।
বিক্ষোভকারী পড়ুয়াদের অভিযোগ, সম্প্রতি ক্যাম্পাসের ভিতরে এক ছাত্রী গণধর্ষণের শিকার হন। বিষয়টি জানাজানি হওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে বাড়িতে পাঠিয়ে দেয়। এর কয়েকদিন পর ওই ছাত্রীর রুমমেট বাকিদের জানান যে, নির্যাতিতা আত্মঘাতী হয়েছেন। এই খবর ছড়িয়ে পড়তেই শনিবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর। হাজারখানেক পড়ুয়া ক্যাম্পাসে তাণ্ডব চালান, জানলার কাচ ভাঙচুর করেন এবং আগুন ধরিয়ে দেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তবে পুলিশের দাবি, তাদের কাছে ধর্ষণের কোনও অভিযোগ দায়ের হয়নি। তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, চার-পাঁচ দিন আগে ক্যাম্পাসের কাছে এক তরুণীর আত্মহত্যার একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছিল, যার সঙ্গে বর্তমান পরিস্থিতির কোনও সম্পর্ক নেই। অন্যদিকে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও সমস্ত অভিযোগ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে। কর্তৃপক্ষের দাবি, ইচ্ছাকৃতভাবে ক্যাম্পাসের পরিবেশ বিঘ্নিত করতে এবং শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি ছড়াতেই সমাজমাধ্যমে এই ধরনের ভিত্তিহীন রটনা ছড়ানো হচ্ছে।