উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় : বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকাগুলিতে দুর্যোগের আশঙ্কা বাড়ছে। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এরই মধ্যে কুলতলির দেউলবাড়ি এলাকার একাধিক গ্রামে নদীবাঁধের ভাঙন ঘিরে আতঙ্ক ছড়িয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবার সরেজমিনে নদীবাঁধ পরিদর্শনে গেলেন প্রশাসনিক আধিকারিকরা।এদিন প্রশাসনের আধিকারিকরা দেউলবাড়ি এলাকার নদী বাঁধের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

নদীর জলস্তর, বাঁধের বর্তমান পরিস্থিতি এবং কোথাও কোনও অংশ দুর্বল হয়ে পড়েছে কি না, তা খতিয়ে দেখা হয়। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন আধিকারিকরা। তাঁদের কাছ থেকে বাঁধের সমস্যা ও এলাকার পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য নেওয়া হয়।
স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি ও দমকা হাওয়া হলে নদীর জলস্তর আরও বাড়তে পারে। তার সঙ্গে জলোচ্ছ্বাস হলে নদীর জল বাঁধের দুর্বল অংশে চাপ তৈরি করতে পারে।
ফলে বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ ভেঙে গেলে দেউলবাড়ি-সহ আশপাশের একাধিক গ্রামে নদীর জল ঢোকার আশঙ্কা রয়েছে।ইতিমধ্যেই বাঁধের বেশ কিছু অংশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাঁদের দাবি, দুর্যোগ আরও বাড়ার আগেই ক্ষতিগ্রস্ত অংশগুলি চিহ্নিত করে দ্রুত মেরামতির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি পরিস্থিতির উপর প্রশাসনের তরফে নিয়মিত নজরদারি চালানোরও দাবি জানিয়েছেন তাঁরা।প্রশাসনিক আধিকারিকদের এই সরেজমিন পরিদর্শনে কিছুটা আশ্বস্ত হলেও, নিম্নচাপের পরিস্থিতিতে এখনও উদ্বেগ কাটছে না দেউলবাড়ির নদীপাড়ের বাসিন্দাদের।