পুবের কলম ওয়েব ডেস্ক: পাঞ্জাব বিজেপিতে কি ভাঙন ধরতে চলেছে? সম্প্রতি প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ রাজনীতিক ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের মন্তব্যে এমনই জল্পনা তৈরি হয়েছে। প্রকাশ্যেই তিনি নিজের বর্তমান দল বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁর অভিযোগ, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা থাকা সত্ত্বেও দলের শীর্ষ নেতৃত্ব তাঁর কোনও মতামত নেওয়ার প্রয়োজন মনে করে না।

এই পরিস্থিতিতে তাঁর পুরনো দল কংগ্রেসে ফেরার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
দীর্ঘদিন কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন অমরিন্দর সিং। গান্ধী পরিবারের সঙ্গেও তাঁর দীর্ঘদিনের ব্যক্তিগত সুসম্পর্ক রয়েছে। দলের অভ্যন্তরীণ কোন্দলের জেরে ২০১৭ সালে তিনি কংগ্রেস ছেড়ে আলাদা করে 'পাঞ্জাব লোক কংগ্রেস' নামের একটি দল গঠন করেন।
পরে অনুগামীদের নিয়ে তিনি বিজেপিতে যোগ দেন। কিন্তু বর্তমানে গেরুয়া শিবিরে তিনি অনেকটাই কোণঠাসা বলে খবর। তাঁর ঘনিষ্ঠ নেতাদেরও সেভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না। এরই মধ্যে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সম্প্রতি পড়ুয়াদের সঙ্গে এক আলাপচারিতায় অমরিন্দর সিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন।
রাহুল জানান, বিজেপিতে তাঁর সবচেয়ে প্রিয় নেতা হলেন ক্যাপ্টেন। ভারতীয় সেনার ইতিহাস সম্পর্কে তাঁর অগাধ জ্ঞানেরও প্রশংসা শোনা যায় রাহুলের মুখে।
রাহুলের এই বার্তার পরই অমরিন্দর সিংয়ের মন্তব্য জল্পনা আরও বাড়িয়েছে। তিনি আক্ষেপের সুরে জানিয়েছেন যে, পাঞ্জাবে তাঁর ৬০ বছরের রাজনৈতিক অভিজ্ঞতাকে বিধানসভা নির্বাচনের আগে কাজে লাগানোর বা তাঁর থেকে মতামত নেওয়ার কোনও চেষ্টাই করছে না বিজেপি। দল ছাড়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি তাৎপর্যপূর্ণভাবে জানান, রাজনৈতিক দল ও নেতাদের অবস্থান সময় অনুযায়ী বদলায়। যদিও তিনি জানিয়েছেন যে এই মুহূর্তে তিনি বিজেপি ছাড়ার কথা ভাবছেন না। তবে রাজনৈতিক মহলের ধারণা, তাঁর এই মন্তব্য পাঞ্জাবের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।