পুবের কলম ওয়েব ডেস্ক: ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় রাজ্য থেকে ২৭ লক্ষ ভোটারের নাম বাদ পড়ার ঘটনায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার এক সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্ট জানান, এই নাম বাদের পিছনে বিজেপি বা নির্বাচন কমিশনের কোনও হাত নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলার ভিত্তিতে সুপ্রিম কোর্টের নির্দেশেই জুডিশিয়াল অফিসাররা এই পদক্ষেপ করেছেন। শুভেন্দুর মতে, যে দল নিজে সুপ্রিম কোর্টে গিয়েছিল, আজ তারাই শীর্ষ আদালতের নির্দেশে হওয়া বিচারবিভাগীয় প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছে, যা অত্যন্ত গুরুতর বিষয়।
বাদ পড়া নামগুলি ফের তালিকায় যুক্ত করে নতুন করে নির্বাচনের দাবি তুলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। এই দাবির কড়া সমালোচনা করে শুভেন্দু বলেন, রাজ্যের মানুষ বিজেপিকে ২০৮টি আসনে জিতিয়েছে এবং বিরোধীরা পেয়েছে মাত্র ৮০টি আসন। তাঁর দাবি, প্রাক্তন মুখ্যমন্ত্রী এই জনাদেশ মেনে নিতে পারছেন না বলেই এমন দাবি করছেন। পাশাপাশি, নির্বাচন কমিশনের সিদ্ধান্তগুলি যে কারও একক সিদ্ধান্তে হয়নি, তা বোঝাতে তিনি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-সহ তিন কমিশনারের ছবিও তুলে ধরেন।
এসআইআর বিতর্কের পাশাপাশি এ দিনের বৈঠকে তৃণমূল ও সিপিএমের সাম্প্রতিক নৈকট্য নিয়েও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। শনিবার শ্রীরামপুরের সভা থেকে মমতার মুখে ‘আজাদি’ স্লোগান শোনা গিয়েছিল। অন্যদিকে, সিপিএম নেতা এম এ বেবির সঙ্গে তাঁর ফোনালাপের খবরও প্রকাশ্যে এসেছে। এই প্রসঙ্গগুলি টেনে মুখ্যমন্ত্রী একে ‘সিপিএম-তৃণমূলের ভালোবাসা’ বলে কটাক্ষ করেছেন। তাঁর মতে, নিছক রাজনৈতিক সমঝোতার স্বার্থেই দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থান সরিয়ে রেখে এই দুই দল এখন কাছাকাছি আসছে।