বিশেষ সংবাদদাতা: আসন্ন রেজিনগর বিধানসভা উপনির্বাচনকে কেন্দ্র করে প্রচারের পারদ চড়তে শুরু করেছে। রবিবার কংগ্রেস প্রার্থী আব্দুল্লাহিল কাফির সমর্থনে আয়োজিত এক বিশাল রোড শো ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বর্ষীয়ান নেতা অধীর রঞ্জন চৌধুরী এবং জুলফিকার আলির নেতৃত্বে এই মেগা প্রচার অভিযানটি অনুষ্ঠিত হয়।
এ দিন ফরিদের মাজার থেকে শুরু হয়ে রোড শোটি পরিক্রমা করে বিকল নগর পর্যন্ত পৌঁছায়।

বর্ণাঢ্য এই মিছিলকে কেন্দ্র করে গোটা রাস্তা জুড়ে দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতি এবং বাঁধভাঙা উৎসাহ ছিল চোখে পড়ার মতো। রাস্তার দু’ধারে দাঁড়িয়ে সাধারণ মানুষকে হাত নেড়ে অভিবাদন জানান কংগ্রেস নেতৃত্ব।
রোড শো চলাকালীন স্থানীয় নেতৃত্বের দাবি, মানুষের এই বিপুল জমায়েত ও স্বতঃস্ফূর্ত সাড়াই প্রমাণ করছে যে উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর জয় এখন শুধু সময়ের অপেক্ষা। আগামী দিনে এই প্রচারের গতি আরও তীব্র হবে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।