ওয়াহিদ রেজা: গোপন সূত্রের খবরের ভিত্তিতে মধ্যরাতে বিশেষ অভিযান চালিয়ে দুই বাংলাদেশি নাগরিককে আটক করল লালগোলা থানার পুলিশ। শনিবার রাতে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদের লালগোলা থানার অন্তর্গত মধ্য রামনগর গ্রাম থেকে তাদের পাকড়াও করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল অর্থাৎ ২৬ সেপ্টেম্বর আনুমানিক রাত পৌনে এগারোটা (ও নাগাদ লালগোলা থানার পুলিশের কাছে খবর আসে মধ্য রামনগর এলাকায় সন্দেহভাজন কিছু ব্যক্তি ঘোরাঘুরি করছে। খবর পাওয়ার পরপরই এলাকায় দ্রুত পৌঁছায় পুলিশের একটি বিশেষ দল এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। সেই অভিযানেই হাতেনাতে আটক করা হয় দুই যুবককে।
আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে তাদের নাম-পরিচয় জানতে পেরেছে পুলিশ। ধৃতরা হলো— দুলাল (৩১),রোসদুল ইসলাম (৩০)।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ধৃত দুই ব্যক্তির বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায়। তারা কোন পথে এবং কী উদ্দেশ্যে বৈধ কাগজপত্র ছাড়া ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিল, কিংবা এই অনুপ্রবেশের পেছনে কোনো দালাল চক্রের হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে জোরদার তদন্ত শুরু করেছে লালগোলা থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।