পুবের কলম ওয়েব ডেস্ক: রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী আসনের দাবি আরও জোরালো হল। শনিবার রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে ভারতের স্থায়ী সদস্যপদের পক্ষে জোরাল সওয়াল করেছেন রাশিয়ার বিদেশমন্ত্রী সার্জেই লাভরভ। পাশাপাশি, পর্তুগাল এবং মরিশাসও এই ইস্যুতে ভারতকে সমর্থন জানিয়েছে।
সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় লাভরভ জানান, নিরাপত্তা পরিষদের সংস্কারের মাধ্যমে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার মতো ‘গ্লোবাল সাউথ’ বা উন্নয়নশীল দেশগুলির প্রতিনিধিত্ব বাড়ানো প্রয়োজন। তবে পশ্চিমি দেশ, বিশেষ করে জার্মানি ও জাপানের জন্য অতিরিক্ত আসন বরাদ্দের তীব্র বিরোধিতা করেন তিনি।

লাভরভের অভিযোগ, ওই দুই দেশ বর্তমানে প্রতিশোধপরায়ণ রাজনীতির পথে হাঁটছে। তাই এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার প্রতিনিধিত্ব বৃদ্ধির অঙ্গ হিসেবে স্থায়ী সদস্যপদের ক্ষেত্রে রাশিয়া কেবল ভারত ও ব্রাজিলকেই সমর্থন করছে।
বর্তমানে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া এবং চিন এই পাঁচটি স্থায়ী সদস্য দেশ রয়েছে। ভারত দীর্ঘদিন ধরেই এই পরিষদের সংস্কার ও নিজেদের স্থায়ী সদস্যপদের দাবি জানিয়ে আসছে। সম্প্রতি দিল্লিতে আয়োজিত ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বিশ্ব শাসন ব্যবস্থায় দ্রুত সংস্কারের ডাক দেন। একসময়ে ভারতের স্থায়ী সদস্যপদের বিরোধিতা করা চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উপস্থিতিতেই ব্রিকসের মঞ্চ থেকে এই দাবি জানিয়েছিলেন তিনি।