জ়েড প্লাস নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে - এই অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মামলাটি দ্রুত শুনানির আর্জি জানিয়েছেন তাঁর আইনজীবী। বিচারপতি কৃষ্ণ রাও মামলা দায়েরের অনুমতি দিয়ে জানিয়েছেন, আগামী ৬ অক্টোবর বিষয়টির শুনানি হবে।

সোমবার আদালতে অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য দাবি করেন, বিধানসভা নির্বাচনের আগে তাঁর মক্কেল জ়েড প্লাস নিরাপত্তা পেতেন।

নির্বাচনের পর সেই নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। তাঁর আরও দাবি, অভিষেক একাধিক বার আক্রান্ত হয়েছেন এবং বর্তমানে তাঁর সঙ্গে কেবল কয়েক জন হাউস গার্ড রয়েছেন। তাই বিষয়টির দ্রুত শুনানি প্রয়োজন।

তবে নিরাপত্তা নিয়ে রাজ্য পুলিশের বক্তব্য এর আগে ছিল, অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায় দু’জনই জ়েড প্লাস নিরাপত্তার আওতায় রয়েছেন এবং নির্দিষ্ট নির্দেশিকা অনুযায়ী তাঁদের নিরাপত্তা বহাল থাকবে।

অতিরিক্ত কিছু নিরাপত্তা ব্যবস্থা অবশ্য সরিয়ে নেওয়া হয়েছিল।

এর আগে মে মাসে সোনারপুরে নিহত তৃণমূল কর্মী সঞ্জু কর্মকারের বাড়িতে যাওয়ার পথে অভিষেকের গাড়িতে হামলার অভিযোগ ওঠে। সেই ঘটনার পর তাঁর নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

অভিষেকের হরিশ মুখার্জি রোডের বাড়ি এবং ক্যামাক স্ট্রিটের দফতরের বাইরে থাকা অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থাও মে মাসে সরিয়ে নেওয়া হয়েছিল বলে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। তবে পুলিশ তখন জানিয়েছিল, নিয়ম অনুযায়ী তাঁর নিরাপত্তা ব্যবস্থা বহাল রয়েছে।