পুবের কলম ওয়েব ডেস্ক: রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ১১ হাজার কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাধুসন্তদের আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানান, রাজ্যে জমানা বদলেছে, তাই এখন আর সাধুসন্তদের ভয় দেখানো যাবে না। তাঁরা এখন নির্ভয়ে গীতাপাঠ, হনুমান চালিশা পাঠ থেকে শুরু করে ধর্মপ্রচার করতে পারেন। মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি, রাজ্যে সাধুদের অপমান করা হলে বা ভয় দেখালে সোজা জেলে যেতে হবে। বক্তব্য শেষে তিনি নিজেও এদিন গীতার একটি অধ্যায় পাঠ করেন।


বাগেশ্বর বাবার প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী জানান, সাধুসন্তরা সনাতন ধর্মের প্রচার করবেন, স্বাধীন দেশে এটাই স্বাভাবিক। কিন্তু সম্প্রতি তাঁর ছবি পুড়িয়ে অপমান করার ঘটনায় প্রশাসন কড়া পদক্ষেপ করেছে এবং অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। এই মঞ্চ থেকেই তিনি ঘোষণা করেন, আগামী ২৯ ডিসেম্বর কলকাতায় ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠের আরও একটি মেগা অনুষ্ঠানের আয়োজন করা হবে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আরএসএস প্রধান মোহন ভাগবত উপস্থিত থাকতে পারেন বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
এদিনের ধর্মীয় অনুষ্ঠান থেকেও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। শ্রীরামপুরের জনসভায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর মুখে ‘আজাদি’ স্লোগানের কড়া সমালোচনা করে তিনি বলেন, এই ধরনের কথা বললে রাষ্ট্রবাদী জনতা তাঁদের উপড়ে ফেলবে।