পুবের কলম ওয়েব ডেস্ক: কয়েক ঘণ্টার ব্যবধানে দক্ষিণ আফ্রিকার দুই পৃথক জায়গায় বন্দুকবাজদের অতর্কিত হানায় প্রাণ হারালেন অন্তত ২৭ জন। এই রক্তক্ষয়ী হামলায় জখম হয়েছেন আরও ২৬ জন। ভয়াবহ এই জোড়া হামলার ঘটনায় গোটা দেশে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘাতকদের সন্ধানে পুলিশ তল্লাশি শুরু করলেও রবিবার সকাল পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথম ঘটনাটি ঘটে শনিবার সন্ধ্যায় জোহানেসবার্গের একটি পানশালায়।

আচমকাই সেখানে ঢুকে পড়ে আটজন সশস্ত্র দুষ্কৃতী। কিছু বুঝে ওঠার আগেই সাধারণ মানুষকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে তারা। এই হামলায় ১৩ জন পুরুষ ও ৪ জন মহিলা-সহ মোট ১৭ জনের মৃত্যু হয় এবং ১৫ জন আহত হন। এলাকা ছাড়ার আগে বাইরে থাকা দু’টি গাড়িতেও আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা। এই ঘটনার কয়েক ঘণ্টার মাথায় রবিবার ভোররাতে দ্বিতীয় হামলার সাক্ষী থাকে কেপটাউনের একটি টাউনশিপ।
সেখানে একটি বিনোদন কেন্দ্রের বাইরে নির্বিচারে গুলিবর্ষণে আরও ১০ জনের মৃত্যু হয় এবং ১১ জন আহত হন। এর মধ্যে পাঁচজনের মৃত্যু হয় ঘটনাস্থলে এবং বাকি পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
হামলার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। এর নেপথ্যে সন্ত্রাসবাদী কোনও চক্রান্ত রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছে সে দেশের পুলিশ। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দক্ষিণ আফ্রিকায় অবৈধ অস্ত্রের ব্যবহার আশঙ্কাজনকভাবে বেড়েছে। ৬ কোটি ২০ লক্ষ জনসংখ্যার এই দেশটিতে মাদক কারবার ও অবৈধ খনিকে কেন্দ্র করে মাফিয়া চক্রগুলির এলাকা দখলের লড়াইয়ের জেরে প্রায় প্রতিদিনই গড়ে ৬০ জনের মৃত্যুর মতো উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে।