পুবের কলম ওয়েব ডেস্ক: সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত বর্তমানে ‘জিরো-টলারেন্স’ বা শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করছে এবং দেশ তার সুফলও পাচ্ছে বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখার সময় এই মন্তব্য করেন তিনি। পাশাপাশি, ২০১৬ সালে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনার চালানো ‘সার্জিক্যাল স্ট্রাইক’-এর আসন্ন দশম বর্ষপূর্তির কথাও স্মরণ করিয়ে দেন তিনি।
উরিতে জঙ্গি হামলার পর ২০১৬ সালের ২৮ ও ২৯ সেপ্টেম্বর নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানে ঢুকে একাধিক জঙ্গিঘাঁটি ধ্বংস করেছিল ভারতীয় সেনা।

সেই প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী জানান, জওয়ানদের ওই পদক্ষেপ গোটা বিশ্বকে বিস্মিত করেছিল এবং ভারতের সন্ত্রাসবাদ-বিরোধী নীতির এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছিল। তাঁর মতে, ওই সার্জিক্যাল স্ট্রাইক ছিল সন্ত্রাসবাদের কারণে ভারতের দীর্ঘ ভোগান্তির বিরুদ্ধে এক মোক্ষম জবাব ও ঐতিহাসিক সাফল্য।
এ দিনের ভাষণে মোদি ২০০১ সালে আমেরিকায় জঙ্গি হামলা এবং ২০০৮ সালে দিল্লি ও মুম্বইয়ের ভয়াবহ জঙ্গি হামলার কথাও উল্লেখ করেন। তিনি জানান, অতীতে এই ধরনের ধারাবাহিক হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি উঠলেও তা যথেষ্ট গুরুত্ব পায়নি।