পুবের কলম ওয়েব ডেস্ক: তামিল সুপারস্টার জোসেফ বিজয় তলপতির রাজনৈতিক দল ‘তামিলাগা ভেটরি কাজ়াগম’ বা টিভিকে এবার পশ্চিমবঙ্গেও তাদের দলীয় কার্যালয় চালু করল। রবিবার পূর্ব বর্ধমানের ফাগুপুরে এই কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের রাজ্য আহ্বায়ক চৈতালি রায়-সহ অন্যান্য জেলা নেতৃত্ব।
রাজ্যে দলের আগামী পদক্ষেপ সম্পর্কে নেতৃত্ব জানিয়েছেন, আপাতত সরাসরি রাজনৈতিক কর্মসূচির বদলে সামাজিক কাজের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছনোই তাঁদের প্রধান লক্ষ্য। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ মেনেই বাংলায় টিভিকে-র সংগঠন বিস্তারের প্রাথমিক পর্যায়ে এই সামাজিক কর্মকাণ্ডে বিশেষ জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রাজ্য আহ্বায়ক। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের কয়েক মাস আগেই সক্রিয় রাজনীতিতে আত্মপ্রকাশ করেছেন জনপ্রিয় তামিল অভিনেতা বিজয়।