পুবের কলম, ওয়েবডেস্ক: শিক্ষার্থীদের শান্তিপূর্ণ প্রতিবাদের মৌলিক অধিকার রক্ষায় বিচারবিভাগ সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ এবং এই অধিকার ক্ষুণ্ণ হলে আদালত মুখ ফিরিয়ে থাকবে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন ভারতের প্রধান বিচারপতি (সিজেআই) সূর্য কান্ত। শনিবার পাটনার ‘চাঁণক্য ন্যাশনাল ল ইউনিভার্সিটি’-র শিক্ষার্থীদের সঙ্গে এক বিশেষ প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে প্রধান বিচারপতি বিচারব্যবস্থার এই অনমনীয় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
আরও পড়ুন:
অনুষ্ঠান চলাকালীন এক ছাত্রী ‘শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনে পুলিশের ভূমিকা ও প্রতিক্রিয়া’ নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন। উল্লেখ্য, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লিতে ‘কক্রোচ জনতা পার্টি’-র নেতৃত্বে আয়োজিত যন্তর মন্তরের আন্দোলনকে কেন্দ্র করেই এই প্রশ্নটি উত্থাপিত হয়। শিক্ষার্থীর প্রশ্নের জবাবে সিজেআই সূর্য কান্ত স্পষ্ট ভাষায় জানান, "পুলিশি বর্বরতা বা অন্যায্য দমনের ঘটনা ঘটলে আদালত চোখ বন্ধ করে বসে থাকবে না।
শিক্ষার্থীদের শান্তিপূর্ণ প্রতিবাদের মৌলিক অধিকার রক্ষায় বিচারবিভাগ সর্বদা সচেষ্ট।"আরও পড়ুন:
একই দিনে বিহার রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের প্রাঙ্গণে একটি ‘ভিকটিম রাইটস সেন্টার’ (VRC)-এর শুভ উদ্বোধন করেন প্রধান বিচারপতি। সেখানে অপরাধের শিকার হওয়া মানুষদের অধিকার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, "দীর্ঘদিন ধরে আমাদের ফৌজদারি বিচারব্যবস্থা কেবল অভিযুক্ত এবং অপরাধকে কেন্দ্র করেই আবর্তিত হয়ে এসেছে। অপরাধের শিকার হওয়া ব্যক্তি জবানবন্দি দেওয়ার পর কার্যত হারিয়ে যান, আবার সাক্ষ্যগ্রহণের দিন তাঁর দেখা মেলে। এর মধ্যবর্তী সময়ে তাঁর সঙ্গে কী ঘটছে, তার দায় কেউ নিতে চায় না।" তিনি আরও বলেন, বিচারপ্রার্থী মানুষ আদালতের দরজায় আসার বদলে, বিচারব্যবস্থাকেই মানুষের দ্বারে পৌঁছে যেতে হবে।