পুবের কলম ওয়েব ডেস্ক: উৎসবের মরসুমে সাধারণ মানুষের জন্য দুঃসংবাদ। আগামী ১ অক্টোবর থেকে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি), টিভি, ফ্রিজ এবং ওয়াশিং মেশিনের মতো নিত্যব্যবহার্য বৈদ্যুতিন সরঞ্জামের দাম বাড়তে চলেছে। সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, এসির ক্ষেত্রে ৫ থেকে ৮ শতাংশ এবং রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও এলইডি টিভির ক্ষেত্রে ৩ থেকে ৪ শতাংশ পর্যন্ত মূল্যবৃদ্ধি হতে পারে। তাৎপর্যপূর্ণভাবে, চলতি বছরে এই নিয়ে তৃতীয়বার এই সমস্ত পণ্যের দাম বাড়াচ্ছে নির্মাণকারী সংস্থাগুলি।
পুজো বা উৎসবের সময় সাধারণত বৈদ্যুতিন সরঞ্জামে ছাড় দেওয়া হলেও এবার চিত্রটা ভিন্ন।
ইতিমধ্যেই ব্লু স্টার, গোদরেজ, হাইয়ার এবং দাইকিনের মতো বেশ কিছু প্রথম সারির সংস্থা তাদের পণ্যের দাম বৃদ্ধির কথা ঘোষণা করেছে। তবে প্যানাসনিকের মতো কিছু সংস্থা তড়িঘড়ি দাম না বাড়িয়ে এখনও বাজার ও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। একাংশের আশঙ্কা, দাম বাড়লে উৎসবের বাজারে বিক্রি ব্যাপকভাবে কমতে পারে। যদিও অপর পক্ষের দাবি, অগস্ট-সেপ্টেম্বর মাসে ডিলাররা পুরনো দামেই প্রচুর পণ্য মজুত করে রাখায় সাধারণ ক্রেতাদের উপর এই মূল্যবৃদ্ধির প্রভাব এখনই খুব বেশি পড়বে না।